চার দিনেও মামলা রেকর্ড করেনি থানার পুলিশ
আদালতের নির্দেশের চার দিন পরও লিমন হোসেন হত্যাচেষ্টার ঘটনায় মামলা নেয়নি থানাপুলিশ। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওপরের নির্দেশ না পাওয়ায় মামলা হয়নি। কলেজছাত্র লিমনের হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র্যাবের ছয়জন সদস্যের বিরুদ্ধে নালিশি মামলা দায়ের করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান এ ব্যাপারে এজাহার দায়ের করার জন্য রাজাপুর থানাকে নির্দেশ দেন। সূত্র জানায়, আদালতের এ আদেশ রোববার সন্ধ্যায় বিশেষ বাহক মারফত রাজাপুর থানায় পাঠানো হয়। কিন্তু গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত সে অভিযোগ থানার পুলিশ লিপিবদ্ধ করেনি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আবদুল হালিম বলেন, মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে। ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ সিকদার বলেন, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশ থানায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওসির মামলা রেকর্ডের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। মামলা রেকর্ডের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই। লিমনের মায়ের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা না হলে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে আদালত অবমাননা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। ঝালকাঠির পুলিশ সুপার মো. শামসুদ্দিন বলেন, আদালতের আদেশের চেয়ে পুলিশ সুপারের নির্দেশ বড় নয়। অভিযোগ যাচাই-বাছাই করে অবশ্যই মামলা রেকর্ড করা হবে। আদালত যেহেতু মামলা দায়েরের কোনো সময় বেঁধে দেননি, সে ক্ষেত্রে নিয়মের কোনো লঙ্ঘন হয়নি। লিমনের বাবা তোফাজ্জল হোসেন গতকাল মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তিনি র্যাবের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত না হওয়া এবং মামলা প্রত্যাহারে অব্যাহত হুমকির বিষয়টি চেয়ারম্যানকে জানান।