চার দেশ ঘুরে কোকেন ঢুকল বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেরুর নাগরিক হুয়ান পাবলো রাফায়েল জাগাজিটার ইকুয়েডর, পানামা, ব্রাজিল ও দুবাই হয়ে ঢাকায় কোকেন নিয়ে ঢুকেছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এগুলো ইউরোপে পাচারের চেষ্টা করা হচ্ছিল।পাবলোর ব্যাগে তিন কেজির কিছু বেশি কোকেন পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকার একটি হোটেল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করেন হুয়ান পাবলোকে। এরপর পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল রোববার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পাবলো। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এগুলো ইউরোপে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আর এ কোকেনের চালান বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য সাড়ে চার হাজার ডলার পাওয়ার কথা ছিল পাবলো রাফায়েলের।মাদকদ্রব্য অধিদপ্তরের ঢাকার গোয়েন্দা বিভাগের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারি বলেন, কোকেনের সুনির্দিষ্ট মান নির্ণয়ের যন্ত্র এ দেশে নেই। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া পাবলো স্প্যানিশ ছাড়া কিছুই বলতে পারেন না। একজন দোভাষীর সহযোগিতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ২৭ বছর বয়সী পাবলো জানান, লিমার একটি ডিসকোতে নিরাপত্তাকর্মীর কাজ করতেন তিনি। সেখানেই এক নারী তাঁকে মাদক পাচারের প্রস্তাব দেন। তিনি রাজি হলে তাঁর ব্যাগে বিশেষভাবে প্যাক করা মাদক রাখা হয়। মাদকভরা ব্যাগ নিয়ে পেরুর রাজধানী লিমা থেকে তিনি বাসে ১০ ঘণ্টা ভ্রমণ করে পাশের দেশ ইকুয়েডরে যান। সেখান থেকে কোপা এয়ারলাইনসের উড়োজাহাজে যান পানামায়। পানামা থেকে একই সংস্থার উড়োজাহাজে যান ব্রাজিলে। ব্রাজিল থেকে এমিরেটস এয়ারলাইনসে দুবাই হয়ে একই সংস্থার উড়োজাহাজে ঢাকা।পাবলো জানান, তাঁর নিজের দেশের লিমা আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকের গন্ধ শুকতে পারে এমন কুকুর নিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। সেই কুকুরগুলো মাদক চিনতে খুবই দক্ষ। তাই লিমার বিমানবন্দর এড়াতে তিনি ইকুয়েডর থেকে বিমানযাত্রা শুরু করেন। তাঁর বড় লাগেজ, যেটিতে কোকেনগুলো বিশেষভাবে প্যাক করা ছিল, সেটি ইকুয়েডর থেকেই ঢাকার জন্য বুকিং করা হয়।কর্মকর্তারা জানান, পাবলোর কাজ ছিল ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়া। কথা ছিল একজন মোটা তরুণী (ফ্যাট ইয়াং গার্ল) হোটেলকক্ষ থেকে কোকেন সংগ্রহ করবেন। কিন্তু তাঁর আগেই পাবলো ধরা পড়েন। এরপর কোকেনগুলো কোথায় যাওয়ার কথা ছিল, সে সম্পর্কে পাবলো কিছুই জানেন না।যাচ্ছিল ইউরোপে!মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা ধারণা করছেন, এগুলোর গন্তব্য ছিল ইউরোপ। বাংলাদেশকে শুধু রুট হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁরা জানান, বাংলাদেশে মাদক হিসেবে কোকেনের ব্যবহার একেবারেই নেই। এগুলো অত্যন্ত দামি। খাঁটি এক কেজি কোকেনের দাম সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত হতে পারে। পাশের দেশ ভারতের কয়েকটি বড় শহরে কোকেনের ব্যবহার রয়েছে বলে শোনা যায়। তবে কোকেনের বড় ব্যবহারকারী হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য।আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ৮০ শতাংশ কোকেনের উত্পাদনকারী দেশ হলো লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। বাকি ২০ শতাংশ উত্পাদিত হয় পার্শ্ববর্তী পেরু ও বলিভিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র কোকেনের সবচেয়ে বড় ব্যবহারকারী। আর ইউরোপে সবচেয়ে বড় ব্যবহারকারী যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্য থেকে ইউরোপের বিভিন্ন দেশে কোকেন ছড়ায়।লাতিন আমেরিকার দেশগুলোতে মাদক ব্যবসায়ীদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। সাধারণত আটলান্টিক মহাসাগর হয়ে জাহাজে ইউরোপের বন্দরগুলোতে যায় কোকেন। কোকেন সরবরাহের জন্য মাদক ব্যবসায়ীদের বিশেষভাবে নকশা করা ডুবোজাহাজও (সাবমেরিন) ব্যবহার করতে দেখা গেছে। লাতিন আমেরিকা থেকে যাওয়া পণ্য যুক্তরাষ্ট্র বা ইউরোপের বন্দরগুলো সর্বোচ্চ সন্দেহের চোখে দেখে বলে মাদক ব্যবসায়ীরা আফ্রিকার কয়েকটি দেশের ওপর দিয়ে মাদক পাচার শুরু করে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ধারণা, সন্দেহমুক্ত থেকে ইউরোপে পাচারের জন্যই এই মাদক বাংলাদেশে আনা হয়েছিল। বিপুলসংখ্যক বাংলাদেশি লন্ডনে থাকেন। তাঁরা প্রতিনিয়ত যাতায়াত করেন এবং বিশ্বে বাংলাদেশকে মাদক প্রস্তুত ও পাচারকারী দেশ হিসেবে সন্দেহ করা হয় না। তাই বহুজাতিক মাদক মাফিয়ারা ঢাকা বিমানবন্দরকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে বেছে নেন।