চার দেশের শিল্পীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ আয়োজনে এবার ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের চারজন বরেণ্য শিল্পীকে সংবর্ধনা জানানো হবে। এই শিল্পীরা হলেন ভারতের অমলা শঙ্কর, নেপালের নূপুর ভট্টাচার্য, শ্রীলঙ্কার ভিশারাধা মালিনী গকুলা এবং ভুটানের লোপেন দেঙ্গো। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ আয়োজনের এবারের ভাবনা ‘স্বাধীনতার ৪০ বছর পূর্তি’। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দেশগুলো যথেষ্ট ইতিবাচক ভূমিকা ছিল। তাই শুক্রবার এই চারটি দেশের চারজন বরেণ্য শিল্পীকে সম্মান জানানো হবে। এবার এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন আফজাল হোসেন ও ফারজানা ব্রাউনিয়া। কাল শুক্রবার যমুনা নদীর তীরে আয়োজন করা হয়েছে ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহ্বুব চৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশনস এবং পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ। এবার সম্মাননাসহ ১৬টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। থাকবে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গান, নাচ ও অভিনয়। আয়োজন করা হয়েছে দিনব্যাপী ‘বাংলাদেশ মেলা’র। অনুষ্ঠানটি সামনে বসে উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তবে দেশ-বিদেশের দর্শকেরা অনুষ্ঠানটি দেখতে পাবেন চ্যানেল আইয়ে ২ ডিসেম্বর দুপুরে।