বৌদ্ধপল্লিতে হামলা: সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন
চার ধাপের পরিকল্পনা হয়, গোয়েন্দারা জানত না, পুলিশ ছিল অপ্রস্তুত
কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধবিহারে ও বসতবাড়িতে হামলা ছিল সুপরিকল্পিত। পরিকল্পনায় সুকৌশলে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা; দ্রুত লোকসমাগম ঘটানো; সমবেত জনতাকে উসকে দিয়ে উচ্ছৃঙ্খল জনতায় পরিণত করা এবং হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ—এই চারটি ধাপ ছিল। কিন্তু এমন একটি সুপরিকল্পিত আক্রমণের বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। গোয়েন্দা তথ্য না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের আগাম প্রস্তুতি নিতে পারেনি।সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত মঙ্গলবার উচ্চ আদালতে এই প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। হামলার ঘটনায় রামুর বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ১৩ নভেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।কমিটি ১২২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে ২০৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রায় আট কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক দুর্লভ ও দুষ্প্রাপ্য নিদর্শন ও মূর্তি ভস্মীভূত, বিনষ্ট, চুরি ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আর্থিক মূল্যে নিরূপণযোগ্য নয়।বিরাজমান পরিস্থিতি উত্তরণে ২২ দফা সুপারিশ তুলে ধরেছে কমিটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: কমিটি মনে করে, এ ধরনের জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সব বাহিনীর পরিচালন কার্যক্রম সুসমন্বয়ের স্বার্থে একক কমান্ডের অধীনে আনা দরকার। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানের এবং পুলিশ সুপারকে অপারেশনাল কমান্ডের দায়িত্ব দেওয়া যেতে পারে। এরূপ পরিস্থিতিতে ন্যূনপক্ষে র্যাবের অপারেশনাল কমান্ডের দায়িত্ব পুলিশ সুপারের ওপর অর্পণ করা যেতে পারে।পূর্বপরিকল্পনা: প্রতিবেদনে বলা হয়, উত্তম বড়ুয়ার ফেসবুক অ্যাকাউন্টে কোরআনের অবমাননাকর ছবিটি সংযুক্ত (ট্যাগ) করা হয় গত ১৮ সেপ্টেম্বর। ছবিটি উত্তম বড়ুয়ার আরও ২৬ জন ফেসবুক বন্ধু লিংক হিসেবে ব্যবহার করেন। ছবিটি ট্যাগ হওয়ার ১০ দিন পর এর অজুহাতে সহিংস ঘটনাটি ঘটে। পরিকল্পনাকারীরা এই সময়ের মধ্যে হামলার ছক তৈরি করে বলে অনুমান করা যায়।তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার ছক কারা, কোথায়, কখন ও কীভাবে করেছিল, তদন্তের নির্ধারিত সময়সীমা ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে তা নির্ধারণ করা যায়নি। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে সমন্বিত গোয়েন্দা উদ্যোগ, নিবিড় ও ব্যাপক তদন্তের মাধ্যমে এই বিষয়গুলো উদ্ঘাটন করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যাঁরা নেতিবাচক ভূমিকা রেখেছেন, তাঁদের বিষয়েও অধিকতর তদন্ত প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।তদন্ত কমিটি সার্বিক পর্যালোচনায় নিশ্চিত হয়েছে, এ দেশে অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বিরাট অংশ মিছিলে ও হামলায় অংশ নেওয়ার কারণে ধ্বংসের ব্যাপকতা বৃদ্ধি পায়। এই ‘অনাহূত জনগোষ্ঠী’কে অবিলম্বে নিজ ভূমিতে ফেরত পাঠানো না হলে যেকোনো সময়ে সুযোগসন্ধানী গোষ্ঠী এদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় ও ঘটনার আগে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) কতিপয় নেতার কক্সবাজার গমনাগমনের তথ্য দেখে অনুমিত হয় যে এ ঘটনার সঙ্গে তাঁদের যোগসূত্র রয়েছে। আরএসওর কয়েকজন নেতা ঘটনার কয়েক দিন আগে কক্সবাজারে যান এবং কয়েক দিন সেখানে থাকেন।রামুতে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধবিহার, মন্দির, বসতি ও দোকানপাটে সংঘটিত হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম। তিন সদস্য হলেন: বান্দরবান জেলার পুলিশ সুপার মো. কামরুল আহসান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার।বৌদ্ধধর্মাবলম্বীসহ সব ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা-বিশ্বাস ও নিরাপত্তাবোধ সুনিশ্চিত করার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে ষড়যন্ত্রকারী, উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সন্তোষজনক পুনর্বাসন, বৌদ্ধবিহার, স্থাপনা মেরামত ও পুনর্নির্মাণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মত দেয় কমিটি।গোয়েন্দারা জানত না: প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে গত জুনে রোহিঙ্গা মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে এ দেশে অবস্থানরত রোহিঙ্গাদের ক্ষোভ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ এলাকায় গোয়েন্দা নজরদারি তেমন একটা ছিল না। কোরআন অবমাননার বর্ণিত ছবিটি ঘটনার আগেই রামু বাজারে কারও কারও ফেসবুক অ্যাকাউন্টে ছিল। এ সম্পর্কেও কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ছিল না। এতে গোয়েন্দা সংস্থাসমূহের সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে। কার্যক্রম বাড়ানো হলে এবং গোয়েন্দা সংস্থাসমূহের পারস্পরিক সমন্বয় থাকলে এ ধরনের ঘটনা রোধে আগাম প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হতো।পুলিশের ভূমিকা: প্রতিবেদনের পর্যালোচনা অংশে বলা হয়, রামু থানার ওসির মাধ্যমে অবহিত হয়ে পুলিশ সুপার অতিরিক্ত ফোর্স মোতায়েনের পদক্ষেপ নেন। তবে পরিস্থিতি বিবেচনায় চাহিদামাফিক দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়নি। যাদের মোতায়েন করা হয়েছে তারাও কোনো পদক্ষেপ নিতে না পারায় পুলিশ বাহিনী দৃশ্যত কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তদুপরি হাজার হাজার লোক, রাতের আঁধার, ব্যাপক প্রাণহানির আশঙ্কা প্রভৃতি কারণে নিয়োজিত ফোর্স অ্যাকশনে যেতে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল বলে কমিটির মনে হয়েছে।ইউএনও: উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মস্থলে নবীন। তাঁকে থানার ওসি ঘটনা অবহিত না করা, ভিন্ন কোনো সূত্রে সংবাদ না পাওয়া এবং সর্বসাধারণের মধ্যে পরিচিত হয়ে উঠতে না পারার কারণে তাঁর পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফলপ্রসূ ভূমিকা রাখা সম্ভব হয়নি।ফায়ার সার্ভিস ব্যর্থ: রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু থানার সহকারী উপপরিদর্শক আলমাছ হোসেনসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্য থেকে জানা যায়, কক্সবাজারের ফায়ার সার্ভিসের টিঅ্যান্ডটি নম্বরে একাধিকবার ফোন করা সত্ত্বেও আগুন নির্বাপণের গাড়ি যথাসময়ে ঘটনাস্থলে যায়নি। তাদের গাড়ি রামু এন আলম ফিলিং স্টেশনে অবস্থান করে স্কট ছাড়া দুর্ঘটনাস্থলে যেতে অনীহা প্রকাশ করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কর্মস্থলের বাইরে থাকায় অবস্থানকারীদের সঙ্গে তাঁর ফলপ্রসূ যোগাযোগ না হওয়ায় দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়নি। ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো যেত। জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস প্রয়োজনীয় সেবা প্রদানে ব্যর্থ হয়েছে।জনপ্রতিনিধিদের ভূমিকা: ঘটনার সময় রামু চৌমুহনী চত্বরসহ আক্রান্ত স্থানগুলোতে জনগণের নির্বাচিত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন। কেউ কেউ দুষ্কৃতকারীদের প্রতিরোধের চেষ্টাও করেছেন। কিন্তু তাঁদের অধিকাংশই ঘটনার প্রাথমিক অবস্থায় নিষ্পত্তির পরিবর্তে উদাসীনতা প্রদর্শন করেছেন এবং নিষ্ক্রিয় থেকেছেন। তাঁদের এই নিষ্ক্রিয়তা পরোক্ষভাবে সম্মতি মনে করে দুষ্কৃতকারীরা আরও উৎসাহিত হয়ে মন্দির, দোকান, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এমনকি কতিপয় জনপ্রতিনিধি নিজেরা নেতৃত্ব দিয়ে হামলায় অংশ নিয়েছেন।২২ সুপারিশের কয়েকটি: ঘটনার পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী, উসকানিদাতাসহ জড়িত ব্যক্তিদের নিবিড় তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ সংঘটনের সাহস না পায়।সাম্প্রদায়িক সম্প্রীতি ও আস্থার পরিবেশ সম্পূর্ণরূপে ফিরে না আসা পর্যন্ত বৌদ্ধবিহার ও বৌদ্ধধর্মাবলম্বী-অধ্যুষিত এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে সার্বক্ষণিক ব্যাটালিয়ন আনসার নিয়োগ।প্রতিটি জেলায় ডিএসবি, ডিজিএফআই, এনএসআইসহ সব গোয়েন্দা সংস্থার নিয়মিত সমন্বয়ের ব্যবস্থা এবং তথ্য আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি জেলায় কমিটি গঠন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সংরক্ষণে জনপ্রতিনিধিদের দায়দায়িত্ব সুনির্ধারণ, সুনির্দিষ্ট জবাবদিহির আওতায় নিয়ে আসা এবং ব্যত্যয়, বিচ্যুতি ও ব্যর্থতার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান প্রবর্তন করা।অবৈধ রোহিঙ্গা বা মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো এবং শরণার্থীদের প্রত্যাবাসন কার্যক্রম গ্রহণ করা। রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং তালিকায় নতুন অন্তর্ভুক্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশে উৎসাহ, সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করা।প্রতিটি সভা-সমাবেশ অনুষ্ঠানের আগে প্রশাসনের পূর্বানুমতি গ্রহণের ব্যবস্থা কঠোরভাবে বলবৎ করা।এনজিও সংস্থার কার্যক্রম তদারকি জোরদার করা।