রায়ে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী রক্ষায় ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছিল
চার নদী রক্ষার রায় বাস্তবায়নে দুই বছর সময় চেয়েছে সরকার
ঢাকার চারপাশের চার নদ-নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুর দখল ও দূষণ রোধে হাইকোর্টের দেওয়া রায়ের সংশোধন (মোডিফিকেশন) চেয়ে আবেদন করেছে সরকারপক্ষ। আবেদনে ওই রায় বাস্তবায়নের জন্য দুই বছর সময় চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।রাষ্ট্রপক্ষ গত সোমবার এ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম এবং রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। মনজিল মোরসেদ জানান, আদালত আজ বুধবার আদেশের দিন ধার্য করেছেন।হাইকোর্ট একটি রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ ও ২৫ জুন বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এই চারটি নদ-নদী রক্ষায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এতে এসব নদ-নদীর সীমানায় থাকা অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়। ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে ভূমি জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়কে সমন্বিতভাবে ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস রেকর্ড অনুসারে নদ-নদীগুলোর সীমানা নির্ধারণের কথাও বলা হয়। ২৪ জানুয়ারি আদালত এক মাসের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করতে নির্দেশ দেন। এরপর ওই রায়ের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ওই রিট করা হয়েছিল।শুনানি: গতকাল শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, নদীর অভ্যন্তরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলছে। আরএস রেকর্ড অনুসারে গতিপথ পরিবর্তন হয়েছে। নদীর অভ্যন্তরে বিআইডব্লিউটিএর অনুমোদিত জেটি রয়েছে। জেটিগুলো পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহূত হচ্ছে। এগুলোর মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়। বিকল্প ব্যবস্থা না করে জেটিগুলো অপসারণ করা হলে পণ্য সরবরাহ বিঘ্নিত হবে। এতে করে দ্রব্যমূল্য বেড়ে যাবে, জনগণ ভোগান্তির সম্মুখীন হবে। এ ছাড়া ওখানে নিয়োজিত ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়বেন। তাই রায় বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন।এর বিরোধিতা করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, অ্যাটর্নি জেনারেল আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী রক্ষার পক্ষে বলেছেন। এখন ভিন্ন কথা বলছেন। এটি পেশাগত অসদাচরণের শামিল। এ ধরনের আবেদন চার নদনদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায়কে বাধাগ্রস্ত করার চেষ্টা। স্থাপনা সরানো হলে দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং ওখানে নিয়োজিত ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়বেন বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা প্রকারান্তরে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা।ওই রায়ের পর: নদীগুলো রক্ষায় হাইকোর্টের দেওয়া ওই রায় পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদন করে। আদালত চলতি বছরের ২১ মার্চ আবেদনগুলো খারিজ করে দিয়ে বলেন, জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনাসমূহ এ উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে। এ রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সাতটি প্রতিষ্ঠানের পক্ষে করা সাতটি লিভ টু আপিলও (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগ ৩ মে খারিজ করে দেন।সর্বশেষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদিত ও সংস্থাটির কাছ থেকে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্থাপনা উচ্ছেদ না করার নির্দেশনা চেয়ে করা আবেদনও ৫ আগস্ট খারিজ করেন হাইকোর্ট। এ চার নদ-নদী রক্ষায় ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায়ে স্পষ্টতা (রিমুভ কনফিউশন) চেয়ে বিআইডব্লিউটিএ আবেদনটি করেছিল।শুনানির অপেক্ষায় আদালত অবমাননার রুল: এ চার নদনদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে হস্তক্ষেপের অভিযোগে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়াসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল শুনানির অপেক্ষায় রয়েছে বলে মনজিল মোরসেদ জানিয়েছেন। ১৮ মে হাইকোর্ট এ রুল জারি করেন। অপর তিনজন হলেন উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী ও বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।