বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু—এ চার নদ-নদীর ভেতরে থাকা সব স্থাপনা উচ্ছেদের নির্দেশনাসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাতটি প্রতিষ্ঠানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন আদালত। সকাল নয়টা ৩৭ মিনিটে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত পাঁচজন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।এ ব্যাপারে মূল রিট আবেদনকারী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে কৌঁসুলি মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, সাত প্রতিষ্ঠানের করা লিভ টু আপিল খারিজ করে দেওয়ায় চার নদ-নদীর অভ্যন্তরের সব স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া দুটি রায়ই বহাল রইল। এসব স্থাপনা উচ্ছেদে আর কোনো বাধা রইল না। সরকার রায় বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।সাতটি প্রতিষ্ঠান হচ্ছে: আকিজ সিমেন্ট কোম্পানি, এসিআই সল্ট, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ, কামাল ভেজিটেবল অয়েল মিলস, সিমেক্স সিমেন্ট বাংলাদেশ ও মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ। আদালতে সাত প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ ও মাহমুদুল ইসলাম এবং মূল রিটকারী ও বিবাদী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। হাইকোর্টের রায়ের পর: মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চার নদ-নদীর সীমানা নির্ধারণ করে নদীর ভেতরের সব স্থাপনা উচ্ছেদে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। নির্দেশ অনুসারে উচ্ছেদের কাজ শুরু করার জন্য রিটকারী পক্ষ আবেদন করলে এক মাসের মধ্যে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন হাইকোর্ট। এ রায়ের আলোকে নদীর ভেতরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা সরাতে গত ৯ ডিসেম্বর নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থাপনা অপসারণ না করতে, ওই রায় পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদন করলে ২১ মার্চ জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে বলে বিভিন্ন আবেদন খারিজ করে রায় দেওয়া হয়। এতে স্থগিতাদেশ চেয়ে সাত প্রতিষ্ঠান আপিল বিভাগে আবেদন করে।এসব আবেদনের ওপর শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। রোববার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। শুনানির পর আদালত ৩ এপ্রিল আদেশের দিন ধার্য করেন। গতকাল সকালে আবেদনগুলো খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ।শুনানি: শুনানিতে সাত প্রতিষ্ঠানের পক্ষের কৌঁসুলিরা বলেন, বৈধ লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানগুলো জেটি স্থাপন করেছে। ফলে হাইকোর্টের রায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই উচ্ছেদের জন্য দেওয়া নোটিশ অবৈধ। সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে এ ধরনের রিটও গ্রহণযোগ্য নয়।মূল রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, নদীর ভেতরে স্থাপনা নির্মাণের বাধ্যবাধকতাসংক্রান্ত আইনের আলোকে রিট মামলাটি করা হয়, তাই রিট গ্রহণযোগ্য। নদীর প্রকৃত অবস্থান নির্ণয় করতে হাইকোর্টের নির্দেশ অনুসারে জরিপকাজ শেষ করা হয়। জরিপ অনুসারে নদীর ভেতরে থাকা অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয় এবং উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এ কারণে নোটিশগুলো বৈধ।