চার নদীতে দুই হাজার অবৈধ স্থাপনার তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের চার নদীর প্রায় দুই হাজার অবৈধ স্থাপনার তালিকায় প্রভাবশালী বেসরকারি দখলদার ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। এমনকি খোদ উচ্ছেদ অভিযানকারী অন্যতম কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ঢাকা সদরঘাট ও নারায়ণগঞ্জ ঘাটের টার্মিনালও অবৈধ স্থাপনার মধ্যে স্থান পেয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসন চিঠি দিয়েছে। আগামীকাল বিআইডব্লিউটিএর সঙ্গেই যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করবে জেলা প্রশাসন।তালিকায় খাসজমি দখলকারী সরকারি অন্য গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে সদরঘাট টার্মিনালের গ্যাংওয়ে, পন্টুন, পার্শ্ববর্তী জেটি, বাদামতলী জেটি, বাকল্যান্ড বাঁধের অংশ, পাগলা মেরি অ্যান্ডারসন ভিআইপি জেটি, পোস্তগোলায় সেনা ও নৌ-সংস্থার স্থাপনা ইত্যাদি।জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএর দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ ছাড়াও আরএস (রিভাইসড সার্ভে) অনুসারে প্রায় দুই হাজার স্থাপনার তালিকা তৈরি করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা স্থান পেলেও নদী দূষণকারী হাজারীবাগের ট্যানারি, ডাইং কারখানা ইত্যাদি রাখা হয়নি।যোগাযোগ করা হলে ঢাকার জেলা প্রশাসক জিল্লার রহমান প্রথম আলোকে বলেন, ‘নদী ও খাসজমিতে স্থাপনা হলেই তা তালিকাভুক্ত হয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বলে আলাদা করে কিছু দেখা হয়নি।’ সদরঘাট টার্মিনাল কি আসলেই ভাঙা যাবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব।’ ট্যানারি বা ডাইং কারখানা কেন তালিকায় নেই—এ প্রশ্নে তিনি বলেন, খাসজমিতে থাকলে খতিয়ে দেখে অবশ্যই তা তালিকাভুক্ত করা হবে। বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, সদরঘাট টার্মিনালসহ সরকারি স্থাপনাগুলোর বিষয়ে সিদ্ধান্তের জন্য বিষয়টি নদীবিষয়ক টাস্কফোর্সের পরবর্তী সভায় তোলা হবে। জনস্বার্থ বিবেচনা করে হাইকোর্টের নির্দেশনাও চাওয়া হবে বলে জানান তিনি। হাইকোর্টের নির্দেশ অনুসারে গত বছরের নভেম্বরের মধ্যে রাজধানীর চারপাশের নদীর দখলদার তালিকা তৈরি করা হয়। এগুলোর মধ্যে বুড়িগঙ্গায় পাকা, আধাপাকা, টিনশেড ও টংঘরসহ প্রায় এক হাজার অবৈধ স্থাপনা রয়েছে। বালু ও তুরাগ নদের প্রায় ৫০০ এবং শীতলক্ষ্যার ৫০০ স্থাপনা তালিকায় আছে। ডিসেম্বরে একটি খসড়া তালিকা হাইকোর্টে উপস্থাপন করা হয়। এই তালিকা প্রস্তুতে জেলা প্রশাসন এবং ভূমি ও জরিপ অধিদপ্তরের কাজে সমন্বয় করার জন্য বিআইডব্লিউটিএকে রাখার কথা থাকলেও তাদের রাখা হয়নি।তালিকায় এই প্রথমবারের মতো ৭০টির মতো জাহাজ তৈরির জায়গা বা ডকইয়ার্ড সংযুক্ত হয়েছে। এগুলোর মধ্যে সদরঘাট এলাকায় ৩০টি এবং আগানগর, হাসনাবাদ ও আশপাশের এলাকায় ৪০টি রয়েছে। আগামীকাল অভিযানের প্রথম দিনে কেরানীগঞ্জের নবাবচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে। সেখানে ৬০টির মতো পাকা স্থাপনা রয়েছে। টংঘরের সংখ্যা শতাধিক। লালবাগ এলাকায় কয়েকতলা ভবনসহ রয়েছে ৩০টি স্থাপনা। টংঘর রয়েছে প্রায় ১০০। এ ছাড়া ওয়াসপুর, হাসনাবাদ, নবাবগঞ্জ ও হাজারীবাগে দখলদার উচ্ছেদ হবে। এক বছরেরও কম সময় আগে, গত বছরের ৩ জুন ঢাকার নদীগুলোয় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভরাট জায়গা উদ্ধারের সর্বশেষ অভিযান হয়। বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন তুরাগ নদে প্রায় দেড় শ এবং শীতলক্ষ্যায় ১২০টি স্থাপনা উচ্ছেদ করে। তাত্ক্ষণিকভাবে রক্ষণাবেক্ষণ না করায় উদ্ধার করা জায়গায় আবার স্থাপনা তোলা হয়।