চার নেতা হত্যা মামলার আপিল শুনানি এক দিন মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতা হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে করা আপিল শুনানি এক দিনের জন্য মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করেন।পলাতক দুই আসামি হলেন দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধা।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, দুই আসামি মামলার শুরু থেকে পলাতক। আপিল বিভাগের বিধান হলো, নোটিশ জারি করা। কিন্তু তাঁরা পলাতক থাকায় তাঁদের প্রতি নোটিশ জারি থেকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন করা হবে। এ কারণে মামলা প্রস্তুত না হওয়ায় শুনানি হয়নি। অ্যাটর্নি জেনারেল জানান, আজই (মঙ্গলবার) নোটিশ জারি থেকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন করা হবে। কাল বুধবার বিষয়টি কার্যতালিকায় থাকবে।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির তারিখ ১১ ডিসেম্বর ধার্য করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে। পরদিন তত্কালীন উপকারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে পলাতক আসামি রিসালদার (ক্যাপ্টেন) মোসলেহ উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এরপর ২০০৮ সালের ২৮ আগস্ট হাইকোর্ট রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড বহাল রাখা হয় রিসালদার মোসলেহ উদ্দিনের। এ ছাড়া চারজন যাবজ্জীবন কারাদণ্ড থেকে অব্যাহতি পান। অপর আট আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল থাকে।এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। পৃথক পাঁচটি লিভ টু আপিল করা হয়। ২০১০ সালের ৪ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানির দিন নির্ধারণের জন্য আরজি জানায়। জেলহত্যা মামলায় হাইকোর্টে অব্যাহতি পাওয়া চারজন—সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি কার্যকর হয়েছে।পরে হাইকোর্টের রায়ে অব্যাহতি পাওয়া দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও দফাদার মো. আবুল হাশেম মৃধাকে গত বছরের ১১ জানুয়ারি অবিলম্বে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দিন আদালত আপিলের সারসংক্ষেপ (কনসাইজ স্টেটমেন্ট) ৩০ দিনের মধ্যে জমা দিতে বলেছিলেন। হাইকোর্টের রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুল হক বলেন, হাইকোর্টের রায় বিকৃত, পক্ষপাতদুষ্ট। সাক্ষ্যপ্রমাণের বাইরে গিয়ে রায় দেওয়া হয়েছে। সাক্ষ্যপ্রমাণের ওপর নির্ভর করে হাইকোর্টের শুনানি হয়। যেসব সাক্ষ্য রয়েছে, এর ভিত্তিতে আসামিদের খালাসের সুযোগ নেই। তিনি জানান, হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রাখার আরজি জানানো হয়েছে।