চার নেতা হত্যায় জিয়ার ইন্ধন ছিল: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, লুটেরাদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই। তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একসূত্রে গাঁথা।কামরুল ইসলাম বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেলহত্যার সব আলামত নষ্ট করা হয়েছে। আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যার ইন্ধন দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান, আর ২১ আগস্ট গ্রেনেড হামলার ইন্ধন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তি ভবনে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ ও সাধনা স্মৃতিসংসদ যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কামরুল ইসলাম বলেন, বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস ও লুটেরামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে কারণে সরকার পর্যায়ক্রমে সব অতীত অপরাধের বিচার শুরু করেছে।সাধনা স্মৃতি সংসদের সভাপতি কাজী মো. সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল প্রমুখ বক্তব্য দেন।কামরুল ইসলাম আরও বলেন, নানা ষড়যন্ত্র চলছে—এটা হালকাভাবে দেখার সুযোগ নেই। বাসস।