চার-পাঁচটি গাড়ি নিয়েই চরে আটকে যাচ্ছে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা সংকটের কারণে আজ সোমবারও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। ঘাটের দুই পারেই কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা। আজ বেলা সাড়ে ১১টার দিকে নাব্যতা সংকট দূর করতে কর্মরত ড্রেজিং ইউনিটের সঙ্গে ফেরি মাস্টারদের তর্ক-বিতর্ক হয়। পরে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের হস্তক্ষেপে ২০ মিনিট পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া থেকে ছয়টি ছোট-বড় গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে অল্প দূরেই ‘কুমারী’ ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। প্রায় সাড়ে ১০ ঘণ্টা চেষ্টার পর আজ সকাল সোয়া ১০টার দিকে সেটি উদ্ধার করা হয়। নাব্যতা সংকটজনিত সমস্যা বেড়ে যাওয়ায় চার থেকে পাঁচটি করে যানবাহন নিয়ে ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে। দৌলতদিয়ার নাব্যতা চ্যানেল পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল বিকেলে ঘাট ছেড়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর পাটুরিয়া থেকে আসার সময় ফেরি শাহ আলী ডুবোচরে আটকে পড়ে। এই ফেরির পেছনে আসতে গিয়ে শাহ মখদুম, কেরামত আলী ও খানজাহান আলী ফেরি তিনটিও চ্যানেল না পেয়ে ওই স্থানেই নোঙর করে থাকে। এর প্রায় দুই ঘণ্টা পর বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএয়ের দুটি উদ্ধারকারী জাহাজ ফেরিগুলোকে উদ্ধার করে। খানজাহান আলী ফেরিতে করে নদীর চ্যানেল দেখতে গিয়ে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহাবুদ্দিন এবং ফেরি সেক্টরের প্রধান উপমহাব্যবস্থাপক আবদুল মতিনও আটকা পড়েন।গতকাল রাতে দৌলতদিয়া অ্যাপ্রোচ চ্যানেলে একটি খনন মেশিন বসানো হলেও প্রাথমিক পরীক্ষা শেষ করে এখন পর্যন্ত কোনো খনন মেশিন চালু করা হয়নি।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভির হুসাইন ও পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান প্রথম আলোকে বলেন, ফেরিগুলো দুই দিন আগেও যে পরিমাণ গাড়ি নিয়ে যেতে পারত; এখন সে সংখ্যা কমে গেছে। আর এ কারণেই উভয় ঘাটে কয়েক শ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।