চার পাইলটের শাস্তি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিন গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার পাইলটের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।এই চারজন হচ্ছেন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম এ বাসিত মাহতাব, সদস্য ক্যাপ্টেন মাহবুব ও ক্যাপ্টেন মাকসুদ।বিমান সূত্র জানায়, গত ২৬ অক্টোবর রাতে এই চারজনকে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক বরখাস্ত করা হয়।ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব প্রথম আলোকে বলেন, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে। তিনি এ জন্য প্রধানমন্ত্রী ও বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।পাইলটদের চাকরির বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিল করাসহ পাঁচ দফা দাবিতে গত ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে বিমানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বাপা। এরপর ২২ অক্টোবর থেকে তারা চুক্তির বাইরে অতিরিক্ত কাজ থেকে বিরত থাকার কর্মসূচি শুরু করে। পরে কর্তৃপক্ষ চার পাইলটকে সাময়িক বহিষ্কার করায় ২৬ অক্টোবর থেকে তারা কর্মবিরতি শুরু করে। এতে বিমানের ফ্লাইটসূচি বিপর্যস্ত হয়ে পড়ে।পরে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পাইলটরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বাপার একাধিক নেতা গতকাল প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি বা আন্দোলন সম্পর্কে সরকারের শীর্ষপর্যায়ে ভুল বার্তা গিয়েছিল। তা না হলে এই সংকট নিরসনে নয় দিন সময় লাগত না। প্রধানমন্ত্রী তাঁদের পুরো বক্তব্য শোনার পর সমস্যা সমাধানে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের খবরে কিছুটা অসংগতি ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রীদের দুর্ভোগ হওয়ায় পাইলট নেতারা প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।