মন্ত্রিসভার বৈঠক নাটোরের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
চার পাটকল চালু হচ্ছে
আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা মেটাতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ থাকা চারটি পাটকল পুনরায় চালু করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো কওমী জুট মিল, দৌলতপুর জুট মিল, পিপলস জুট মিল ও এম এম জুট মিল। একই সঙ্গে রাজশাহী জুট মিলের দ্বিতীয় ইউনিট স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বন্ধ এই মিলগুলো চালু করতে মন্ত্রণালয়ের ব্যয় হবে ১৭৬ কোটি টাকা। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব মিল বন্ধ করে দেওয়া হয়েছিল।বৈঠকে প্রধানমন্ত্রী নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া মন্ত্রিসভা উপজেলা পরিষদ (সংশোধন) আইন, সীমান্ত হাট স্থাপন ও পরিচালনার জন্য সমঝোতা স্মারক ও ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন করে।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদের সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এসব প্রস্তাব অনুমোদনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাতদ্রব্য ব্যবহারের জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে বলেন, এতে পরিবেশ ভালো থাকবে। আদমজী জুট মিল বন্ধ করে দেওয়ায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, এ কারণে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।নাটোরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা: বৈঠকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা দোষী এবং অপরাধী, তাদের চিহ্নিত করে যেন শাস্তি দেওয়া হয়। বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায়।সূত্রমতে, নাটোরের গামা হত্যার ঘটনার কথা উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় একজন দোষী হলেও ২১ জনকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, এবার যেন তেমনটা না হয়।প্রসঙ্গত, গামা হত্যায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় সম্প্রতি মুক্তি পেয়েছেন। জোট সরকারের সময় ওই হত্যার ঘটনা ঘটে এবং এতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী ২০০১ সালে মালিবাগ হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বলেন, এইচ বি এম ইকবালের মিছিলে অস্ত্রধারীদের একটি ছবি পত্রিকায় ছাপা হয়েছিল। ছবিতে তাঁর শার্টের হাতের দিকের কাপড়ের রং এক ধরনের ছিল এবং কলারের কাপড়ের রং আরেক ধরনের ছিল। তাই এ ধরনের ঘটনায় খুব সতর্কতার সঙ্গে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।উপজেলা পরিষদ (সংশোধন) আইন অনুমোদিত: মন্ত্রিসভার বৈঠকে উপজেলা (সংশোধন) আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ আইনের খসড়ায় বলা হয়েছে, প্রস্তাবিত ধারা ১৩(ক) উপধারা (১৩)-এর শেষে ‘...এবং সরকার কর্তৃক অনাস্থা প্রস্তাবটি অনুমোদিত হলে সংশ্লিষ্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য বা অন্য কোনো সদস্যের আসনটি সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে শূন্য বলে ঘোষণা করবে’ শব্দগুলো অন্তর্ভুক্ত হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য নির্বাচন ও তথ্যসংক্রান্ত কার্যাবলি এবং নির্বাচন ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল নিয়োগ, তাদের মতামত ও নির্বাচন-বিরোধ নিষ্পত্তির বিষয়ে গেজেট প্রজ্ঞাপনের দ্বারা নির্বাচন কমিশন বিধি প্রণয়ন করতে পারবে।সীমান্ত হাট স্থাপন ও পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুমোদন: মন্ত্রিসভায় অনুমোদিত বাংলাদেশ-ভারত সীমান্ত হাট স্থাপন ও পরিচালনার জন্য সমঝোতা স্মারক ও পরিচালনা পদ্ধতিতে (মোড অব অপারেশন) বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারত সীমান্তে দুটি করে চারটি সীমান্ত হাট বসবে। হাটের স্থানগুলো হলো বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বালিয়ামারী ও সুনামগঞ্জ জেলার লাউরের গড় এবং ভারতের মেঘালয় সীমান্তে পশ্চিম গারো হিল ও বালাট। শুরুতে সপ্তাহে এক দিন হাট বসবে। এসব হাটে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, খাদ্যদ্রব্য, ফলমূল, মসলা, বনজ দ্রব্য, বাঁশ, গামছা, লুঙ্গি, দা, লাঙল, কুড়াল ও স্থানীয়ভাবে উৎপাদিত পোশাক, মেলামিন ও প্রক্রিয়াজাত খাদ্য, ফলের রস কেনাবেচা করা যাবে। প্রস্তাবে বলা হয়, উভয় দেশের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কমিটি বছরে একবার বৈঠক করে সীমান্ত হাট পরিচালনা পদ্ধতি পর্যালোচনা, মূল্যায়ন ও নতুন হাট স্থাপনের স্থান নির্বাচন করবে। কমিটিতে সীমান্ত হাট-সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন। এ-সম্পর্কিত সমঝোতা স্মারকে বলা হয়, হাট স্থাপনের দিন থেকে তিন বছর পর্যন্ত তা কার্যকর থাকবে। যেকোনো পক্ষ ৩০ দিনের নোটিশে হাটের কার্যক্রম স্থগিত করতে পারবে।ন্যাশনাল সার্ভিস প্রকল্প: ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব/যুব মহিলাদের জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে নীতিমালার সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত যুব/যুব মহিলাকে মাসে ছয় হাজার টাকা করে দেওয়া হবে। এই ছয় হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা কেটে নিয়ে তাঁর নামে ব্যাংকে জমা রাখা হবে। পরবর্তী সময়ে তিনি সুদসহ এই অর্থ ফেরত পাবেন। এ টাকা পুঁজি হিসেবে ব্যবহার করে তিনি আত্মকর্মসংস্থানের কাজে লাগাতে পারবেন। বর্তমানে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে এই প্রকল্প চালু করা হয়েছে। অন্যান্য: বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক রেডক্রস কমিটির পূর্ণাঙ্গ ও স্থায়ী কার্যালয় স্থাপনের উদ্দেশ্যে সম্পাদিত চুক্তির খসড়া অনুমোদন করা হয়। এ ছাড়া গত ৫ মার্চ ব্যাংককে অনুষ্ঠিত জ্বালানিবিষয়ক দ্বিতীয় বিমসটেক মিনিস্ট্রিয়াল সভার এবং গত ২০ থেকে ২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৫০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।