চার পুলিশ কর্মকর্তার দায়িত্বে বিরতি দিতে হাইকোর্টের নির্দেশ
২০০৬ সালে গাইবান্ধায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চাকরি বিধিমালা অনুসারে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন ও মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।এই চার পুলিশ সদস্য হলেন পুলিশ কর্মকর্তা নুরুল আলম, ফাহিমা হায়দার, দুলাল চন্দ্র ও মিজানুর রহমান।গতকাল বুধবার একটি দৈনিক পত্রিকায় ‘২০০৬ সালের ২১ মে গাইবান্ধায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ সাজিদুর রহমানের পুলিশ হেফাজতে মৃত্যুবরণ’সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।প্রতিবেদনের উল্লেখ করা হয়, গাইবান্ধার নাগরিক কমিটি ওই চারজন পুলিশের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে। তাঁরা হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন। এ ঘটনায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরশেদ হাইকোর্টে আজ একটি রিট আবেদন করেন।শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনায় ওই চারজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন। বর্তমানে তাঁরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। তাঁদের দ্বারা নাগরিকদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।এর পরিপ্রেক্ষিতে আদালত চাকরি বিধিমালা অনুযায়ী অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পাঁচ দিনের মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং পুলিশের মহাপরিদর্শককে ১৭ জুনের মধ্যে এ পদক্ষেপের বিষয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন।পাশাপাশি জনগণের নিরাপত্তা বিধানে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং সাংবিধানিক দায়িত্ব পালনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকার ও পুলিশের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।