চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এবং নির্যাতনের অভিযোগে করা মামলায় পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাঁরা হলেন রমনা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম, এসআই নাসের আলী ও সার্জেন্ট আনোয়ার হোসেন।গত ১৯ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। ঢাকা মহানগর হাকিম মেহেদি হাসান তালুকদার গতকাল বুধবার সিআইডির প্রতিবেদন গ্রহণ করে ওই আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা আবু আব্বাস ভুঁইয়া ওরফে বোমা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ রিমান্ডে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে—এ অভিযোগে ২০০৮ সালের মার্চে আব্বাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন। আদালত ঘটনা তদন্ত করে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিআইডি লুৎফুজ্জামান বাবরকে বাদ দিয়ে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়।সিআইডির প্রতিবেদনে বলা হয়, হুমায়ুন আজাদের ওপর হামলার পরদিন আওয়ামী লীগ আহূত হরতাল চলাকালে মিছিল থেকে পুলিশ আব্বাসকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেয় রমনা থানা পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়, একই দিন গ্রেপ্তার হওয়া ছাত্ররা মুচলেকা দিয়ে বের হওয়ার সময় আব্বাসকে ‘জখম অবস্থায়’ থানা হাজতে দেখেছেন। তাই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা দায়িত্ব এড়াতে পারেন না। আরও বলা হয়, থানা পুলিশ হেফাজতে থাকার সময় আব্বাসের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁকে মারধর করেছে।