টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কৃষক লাল মিয়াকে (৪৫) পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লাল মিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল বুধবার বাসাইল পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন: বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন, এএসআই সুরুজ্জামান, কনস্টেবল সারোয়ার হোসেন ও শামিম রেজা।লাল মিয়া হত্যার ঘটনায় ওই চার পুলিশকে আসামি করে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন নিহতের চাচাতো ভাই মশিউর মাসুম।পিটিয়ে ও চুবিয়ে হত্যার ঘটনা তদন্তে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।স্বতঃস্ফূর্ত হরতাল: গতকাল বাসাইল পৌর এলাকায় গিয়ে দেখা যায়, নিহত লাল মিয়ার গ্রাম সুন্নাসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার লোক সকালেই পৌর এলাকায় চলে এসেছে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। দিনব্যাপী হরতাল পালনকালে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বন্ধ ছিল যানবাহন চলাচল ও দোকানপাট।হরতাল চলাকালে সমাবেশে বক্তব্য দেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান সুজন খানসুর, নিহত লাল মিয়ার মেয়ে নারগিছ আক্তার প্রমুখ।দাফন সম্পন্ন: ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে সুন্না গ্রামে লাল মিয়ার জানাজা হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানসহ হাজারো লোক। পরে সুন্না গ্রামের জেলেপাড়ার কবরস্থানে লাল মিয়ার লাশ দাফন করা হয়।প্রত্যক্ষদর্শীরা যা জানান: গতকাল সুন্না গ্রামে গিয়ে কথা হয় ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে। এমনই একজন প্রবাসী লিটন মিয়া। তিনি বলেন, ‘সময় না কাটায় মঙ্গলবার বিকেলে গ্রামের বাগানবাড়ির ভিটায় খোলা ঘরে তাস খেলা দেখছিলাম। হঠাৎ পুলিশ আসছে শুনে সবার সঙ্গে আমিও দৌড় দিই। পরে পেছন ফিরে দেখতে পাই, লালু ভাইকে পুলিশ পানিতে বাঁশ দিয়ে পেটাচ্ছে।’ লাল মিয়ার প্রতিবেশী আলহাজ মিয়া বলেন, ‘আমার বাড়ির পাশের ডোবা থেকে দৌড়ে গিয়ে লালু ভাইকে পানি থেকে তুলে সিএনজিচালিত যানে করে বাসাইল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’সুরতহালে যা আছে: লাল মিয়ার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আখেরুজ্জামান। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, লাল মিয়ার বাম কপালের ওপরে কালো দাগ। ঠোঁটের ডান পাশে ক্ষত চিহ্ন ও দুই গাল ফোলা। অসহায় হয়ে পড়ল পরিবারটি: মালয়েশিয়া থেকে ফিরে কৃষিকাজ করতেন লাল মিয়া। সংসারে ছিল স্ত্রী ও চার মেয়ে। সুন্না গ্রামে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ পাওয়া যায়নি। গতকাল লাল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বৃদ্ধ মা-বোন ও মেয়েরা কান্নাকাটি করছেন। স্বামীর শোকে অচেতন হয়ে ছিলেন লাল মিয়ার স্ত্রী নূরজাহান নূরী।কাঁদতে কাঁদতে কথা বলে লাল মিয়ার মেজো মেয়ে স্কুলছাত্রী ইতি আক্তার। চার পুলিশের বিচার দাবি করে ইতি বলে, ‘আমাদের কোনো ভাই নেই। আমাদের চার বোনের কী হবে? আমাদের কে দেখবে, আমরা কোথায় দাঁড়াব?’ পুলিশ কর্মকর্তার বক্তব্য: অতিরিক্ত পুলিশ সুপার হেদায়েতুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেন, ওই চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে পিটুনিতে গুরুতর আহত এএসআই সুরুজ্জামান রাজধানীর একটি হাসপাতাল ও বাকি তিন পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।