চার পুলিশ সদস্য পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরে পুলিশের নির্যাতনে শামীম সরকার নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন আশুলিয়া থানার এসআই এমদাদুল হক এবং কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলী। আজ শুক্রবার সাত দিনের রিমান্ডের আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পুলিশি নির্যাতনে শামীমের মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাইফুল শামীমের ফুপাতো বোনের ছেলে। তাঁদের দুজনকেই একসঙ্গে আটকের পর সাভারের চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয় বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়। সাভার মডেল থানার সাদা পোশাকধারী দলের (সিভিল টিম) সদস্য এএসআই আকিদুল ইসলাম গত বুধবার রাতে হেমায়েতপুরের মোল্লা সিএনজি স্টেশন থেকে শামীম ও তাঁর ভাগনে সাইফুলকে আটক করে ওই এলাকার শ্যামলী সিএনজি স্টেশনে নিয়ে যায়। রাত আশুলিয়া থানার এসআই এমদাদুল হক শামীমের পরিবারের কাছে ২০ লাখ টাকা উেকাচ দাবি করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। পরিবারের লোকজন টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এসআই এমদাদ ও এএসআই আকিদুল শামীম ও সাইফুলকে চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে মারধর করেন। একপর্যায়ে শামীমের মৃত্যু হলে তাঁর লাশ ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়। ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের ভাই আমিন সরকার বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এসআই এমদাদুল হক, এএসআই আকিদুল ইসলাম, কনস্টেবল মোফাজ্জল হোসেন, ইউসুফ আলী ও রমজান আলীকে আসামি করা হয়। এএসআই আকিদুল ছাড়া বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর এএসআই আকিদুল থানায় অস্ত্র জমা দিয়ে গা ঢাকা দেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান অব্যাহত রেখেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আকিদুলসহ ওই তিন কনস্টেবল সাদা পোশাকে কাজ করতেন। তাঁদের দলের প্রধান ছিলেন এসআই সাজ্জাদ রোমন। তাঁকে সাময়িক বরখাস্ত করা হলেও শামীমকে মারধরের সময় উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে আসামিও করা হয়নি। তবে তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। নিহত শামীমের বাবা হালিম সরকার বলেন, ‘শুধু টাকার জন্যই পুলিশ আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তাকে হত্যার সঙ্গে জড়িতদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করতে হবে।’তদন্ত দলের প্রধান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, গতকাল থেকেই তদন্ত শুরু হয়েছে। আজ সংশ্লিষ্ট পুলিশ সদস্যসহ সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল শনিবার থেকে নিহতের স্বজনসহ স্থানীয়দের সাক্ষ্য নেওয়া হবে। তিনি বলেন, তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতারও প্রমাণ পাওয়া গেছে। তবে পুলিশের নির্যাতনেই শামীম মারা গেছে কি না, তা নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন। নিহতের জানাজাএদিকে আজ সকাল সাড়ে নয়টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে নিহত শামীমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানাজায় উপস্থিত ছিলেন।জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামরুল ইসলাম বলেন, শামীম হত্যার সঙ্গে জড়িত পুলিশের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় নেওয়া হবে। দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না।