চার পোশাক কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া ও গাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার বেতন বৃদ্ধি, বন্ধ কারখানা খোলাসহ কয়েকটি দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ ও ভাঙচুরের কারণে এ দুই এলাকায় চারটি কারখানা ছুটি দেওয়া হয়।জানা গেছে, আশুলিয়ার টঙ্গাবাড়ীতে নেচারাল ডিজাইনের শ্রমিকেরা নাশতার টাকা বাড়ানোর দাবিতে গতকাল বিক্ষোভ করতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করেন। পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করলে বেলা ১১টার দিকে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হয়।শ্রমিকেরা দাবি করেন, আশপাশের অনেক কারখানায় নাশতার টাকা বাড়ানো হলেও তাঁদের বাড়ানো হয়নি। তাঁরা নাশতার টাকা বাড়ানোর দাবি করলে উল্টো কর্তৃপক্ষ গতকাল পুলিশ দিয়ে তাঁদের দমনের চেষ্টা করে। আশুলিয়া ও ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখ নেচারাল ডিজাইনে ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন।শ্রমিক বিক্ষোভের কারণে গত শুক্রবার থেকে আশুলিয়ার জামগড়া এলাকার ওশান ডিজাইন এবং বৃহস্পতিবার থেকে গাজীরচটের গ্লোবাল নিটওয়্যার ও শিমুলতলার ডংলিয়ান ফ্যাশনস বন্ধ রয়েছে।গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় গতকাল সকাল আটটার দিকে রাস্তা পারাপারের সময় স্থানীয় সিআরজেড কারখানার শ্রমিক আজিজুর রহমান একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সহকর্মীরা ওই পিকআপে আগুন দেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভাঙচুর করেন।বোর্ডবাজার এলাকার নবটেক্স লিমিটেড কারখানায় আগুনের গুজবে শ্রমিকেরা হুড়োহুড়ি করে বের হন। পরে শ্রমিকেরা বিক্ষোভ করে ছুটি দাবি করেন। পাশের রাবাব ফ্যাশন লিমিটেডে গুজব ছড়িয়ে পড়ে, এই কারখানার শ্রমিককে মারধর করা হয়েছে। ওই কারখানার উত্তেজিত শ্রমিকেরা নবটেক্স কারখানায় ইটপাটকেল ছুড়লে একপর্যায়ে দুই কারখানার শ্রমিকদের মধ্য সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় দুই কারখানা গতকাল ছুটি ঘোষণা করা হয়। গাজীপুর সদরের বড়বাড়ী এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পোশাক কারখানা পার্কসিন বাংলাদেশ লিমিটেডের শ্রমিকেরা গতকাল সকালে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ আজ রোববার তাঁদের দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে কারখানা ছুটি দেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. সেলিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।