চার ফতোয়াবাজই ধর্ষকের আত্মীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে ধর্ষণের শিকার কিশোরী হেনার ওপর শারীরিক নির্যাতনকারী এবং ফতোয়া দেওয়া সাত সমাজপতির চারজনই ধর্ষক মাহাবুবের আত্মীয়। এই চারজন হলেন মাহাবুবের স্ত্রী শিল্পীর আপন ভাই দীল মোহাম্মদ ও চাচাতো ভাই লতিফ মীরমালত, আক্কাছ মীরমালত ও ইয়াছিন মীরমালত। অন্য তিন সমাজপতি হলেন—চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখ, চামটা আবুল বাশার দারুল উলুম মাদ্রাসার তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম ও একই গ্রামের মসজিদের ইমাম মফিজ উদ্দিন।হেনার স্বজন ও গ্রামবাসী জানান, হেনাকে মারধরে জড়িত ছিলেন শিল্পী বেগম, তাঁর বড় বোন জাহানারা বেগম, ভাই দীল মোহাম্মদ ও ভাবি মণি মালা এবং মাহাবুবের চাচি মোর্শেদা বেগম। এ ঘটনায় পরের দিন ইউপি সদস্য ইদ্রিসের নেতৃত্বে সালিস বৈঠক বসে। বৈঠক হয় মাহাবুবের বাড়ির উঠানে।এলাকাবাসী জানান, ইদ্রিস শেখের নেতৃত্বে একটি চক্র টাকার বিনিময়ে এলাকার জমিজমা, পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সালিস বৈঠক করে। চক্রটি এ পর্যন্ত প্রায় ৩০টি সালিস করেছে। চক্রের অন্য সদস্যরা হলেন লতিফ মীরমালত, দীলু মীরমালত, জামাল শিকদার ও হাসান মীরমালত। গ্রামের দবির উদ্দিন বলেন, ‘ইদ্রিস মেম্বারের নেতৃত্বে একটি পক্ষ এলাকায় সালিস করে। গত নভেম্বরে তিনি আমার জমিজমাসংক্রান্ত বিরোধের সালিস করে ১০ হাজার টাকা নেন।’গতকাল ইদ্রিস শেখের বাড়িতে গিয়ে ঘরে তালা ঝোলানো দেখা যায়। পাশের বাড়িতে কথা হয় তাঁর মেয়ে সুমি আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার এক ভাই বিদেশে থাকেন। আমাদের অনেক কৃষিজমি রয়েছে। সংসারে কোনো অভাব নেই। বাবা ইউপি সদস্য হওয়ায় অবসর সময়ে এলাকার সালিস বৈঠক করেন। এ জন্য কোনো টাকা নেন না।’বাড়িতে পীরের দরগাহর শাখা: এলাকাবাসী জানান, ফতোয়া বোর্ডের বিচারকদের মধ্যে মাহাবুবের স্ত্রীর চাচাতো ভাই লতিফ মীরমালত এলাকার ধনী কৃষক। তাঁর চার সন্তান ঢাকায় পড়াশোনা করে। তিনি চাষাবাদ করার পাশাপাশি এলাকার পারিবারিক কলহ, জমিজমাসংক্রান্ত বিবাদ মীমাংসার কাজ করেন। এ ছাড়া লতিফ তাঁর বাড়িতে মজিদ শাহ নামের এক পীরের দরগাহের শাখা খুলেছেন। সপ্তাহে দুই দিন বাড়িতে বসে পানি পড়া ও তাবিজ বিক্রি করেন।চামটা গ্রামের রুস্তম আলী বেপারী বলেন, ‘কিছুদিন আগে প্রতিবেশীর সঙ্গে আমাদের ঝগড়া হয়। তারা আমাদের মারপিট করলে আমি ইউপি সদস্য ইদ্রিসের কাছে নালিশ করি। তিনি ইউনিয়ন পরিষদে না নিয়ে লতিফ মীরমালতকে দিয়ে সালিস করান। তখন আমি তাঁদের পাঁচ হাজার টাকা দিই।’আক্কাছ, ইয়াছিন ও দীল মোহাম্মদ ঢাকায় ব্যবসা করেন: ফতোয়া বোর্ডের সদস্য আক্কাছ, ইয়াছিন ও দীল মোহাম্মদ ঢাকায় ব্যবসা করেন। ঘটনার পর তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান। গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তাঁদের চাচি রাবেয়া বেগম ও চাচাতো বোন রাশিদা বেগমের সঙ্গে। তাঁরা জানান, হেনার নির্মম মৃত্যুর ঘটনা তাঁদের হতবাক করেছে। তাঁরা এ হত্যার বিচার চান।শোকে পাথর হেনার পরিবার: গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হেনাদের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় বসে মা আকলিমা, বোন রেহানা আক্তার বিলাপ করছে। বড় বোন আলেয়া আক্তার ও ডলি আক্তার গড়াগড়ি খাচ্ছিল উঠানে।হেনার বাবা দরবেশ খাঁ বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। এখন চোখে শুধুই অন্ধকার দেখছি। আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।’ যোগাযোগ করা হলে নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, পুলিশের একটি দল হেনা হত্যা মামলার আসামি সাইফুলকে গ্রেপ্তারের জন্য সালথা থানার রায়ের চর গ্রামে বুধবার রাতে অভিযান চালায়। নড়িয়া থানা পুলিশের অপর একটি দল অন্য আসামিদের ধরতে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।এদিকে হেনার আত্মার শান্তি কামনায় গ্রামবাসী গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাঁচটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।প্রসঙ্গত, হেনা হত্যার ঘটনায় তার বাবা ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। পুলিশ শুধু ধর্ষক মাহাবুবের স্ত্রী শিল্পী বেগম, জয়নাল মীরমালত, আলাবক্স করাতি ও ইমাম মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করতে পেরেছে। ইউপি সদস্য ইদ্রিস শেখ, মাহাবুব ও অন্য আসামিরা এখনো গ্রেপ্তার হননি।