চার বছর ধরে বইমেলা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের সঙ্গে নিত্য বসবাস। নিজের সব আনন্দ খুঁজে পান এর মধ্যে। প্রায় দুই যুগ ধরে আছেন বাংলা একাডেমীতে। কাজপাগল এই মানুষটি হলেন শাহিদা খাতুন। বাংলা একাডেমীর পরিচালক (প্রাতিষ্ঠানিক, পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগ)। অমর একুশে গ্রন্থমেলা ২০১১-এর পরিচালনা কমিটির সদস্যসচিব। চার বছর ধরে তাঁরই তত্ত্বাবধানে হয়ে আসছে বাংলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমীকে ঘিরে তাঁর কর্মজীবনের কথা শুনব এবারের নারীমঞ্চে।‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী ছিলাম। থাকতাম রোকেয়া হলে। তখন তো এত বড় করে বইমেলা হতো না। এত মানুষও আসত না। কিন্তু আমরা রোজই আসতাম। সমাজবিজ্ঞানের কিছু বই তখন বাংলা একাডেমী অনুবাদ করেছিল। সেসব কেনা হতো। আর মুক্তধারা থেকেও বই কিনতাম। বরাবরই বাংলা একাডেমীর পরিবেশ কাছে টানত আমাকে। আর আমি চেয়েছিলাম এমন পেশায় আসতে, যার সঙ্গে লেখাপড়া যুক্ত থাকবে। চারপাশের পরিবেশটাও তাই হবে। সুযোগটা এসে গেল। পত্রিকায় নিয়োগ বিজ্ঞাপন দিয়েছিল বাংলা একাডেমী। আবেদন করলাম। চাকরিও পেলাম গবেষণায়। লোকসাহিত্য, লোকশিল্প এসব বিষয়ে অনেক গবেষণাধর্মী কাজ করেছি। দেশের নানা জায়গায় তৃণমূল পর্যায়ে কাজ করা হয়েছে। সেখানকার অভিজ্ঞতাগুলো এখন কাজে লাগছে। পরে গবেষণা থেকে প্রশাসনে স্থানান্তর করা হয়। আমি এ বিভাগে এসে একটি দৃষ্টান্ত স্থাপন করলাম। বাংলা একাডেমীর প্রশাসনে প্রথম নারী কর্মকর্তা আমি।’ বলেন শাহিদা খাতুন।‘পরিচালক পদে দায়িত্ব পাওয়ার পর অনেকেই আমার কাজ নিয়ে সন্দিহান হয়েছিলেন। বিশেষ করে বইমেলার আয়োজন নিয়ে। কোনো কোনো সহকর্মী ভেবেছিলেন নারী হয়ে এত বড় কাজ শেষ পর্যন্ত পারব কি না। মাঠপর্যায়ে কাজ, নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলোচনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সামলানো—এসব কি নারী দিয়ে হবে? এসব শুনে তাঁদের ডেকে আমি কথা বলি। উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি। আর কাজের জায়গায় আমি যোগ্যতা প্রমাণ করি। তাঁরা তাঁদের ভুল বুঝতে পারেন। এখন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।ফেব্রুয়ারি মাসে বইমেলা হলেও এর মূল কাজ শুরু হয় নভেম্বর মাস থেকে। অমর একুশে গ্রন্থমেলা তো এক ধরনের মহাযজ্ঞ। এতে সেমিনার, সাহিত্য, সংস্কৃতি, পুরস্কার প্রদানসহ নানা আয়োজন থাকে। এর জন্য আমরা ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করি। সবাই দায়িত্ব ভাগ করে নেন। যেকোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে আমরা কাজ করি। অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় আমাকে। মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে মিটিং ডেকে সমস্যার সমাধান করে থাকি। তবে আরেকটি কথা না বললেই নয়, অনেকেই মনে করেন বইমেলা বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় রাজনৈতিক চাপ আসে। বিষয়টি উল্টো। বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সবার কাছ থেকে ইতিবাচক সাড়া ও সহযোগিতা পেয়ে থাকি সব সময়। বাংলা একাডেমীর কাজ বইয়ের বাজার তৈরি করে দেওয়া, ব্যবসা করা নয়। সেই কাজটা করার চেষ্টা করছি।’শাহিদা খাতুন আরও বলেন, ‘চার বছর ধরে সফলভাবে কাজ করার চেষ্টা করছি। অনেকে এসে কাজের জন্য অভিনন্দন জানান। নারী হিসেবে নয়, তাঁরা মানুষ হিসেবে বিবেচনা করেন। আমার মনে হয়, সামাজিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এখন সব জায়গায় নারীরা কাজ করছেন। তবে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে নারীদের জন্য। এর জন্য প্রয়োজন নারীশিক্ষা। তাহলে সমাজে তাঁদের কাজ মূল্যায়িত হবে। আর কাজের মধ্যে নিজেকে ধারণ করতে হবে। আমিও এর মধ্যে সম্ভাবনা, আনন্দ ও বেঁচে থাকার প্রয়াস খুঁজে পাই। বাংলা একাডেমীর পরিচালক হিসেবে নয়, মানুষ হিসেবে সমাজের প্রতি, দেশের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। সেগুলো ঠিকমতো পালন করতে চাই।’এই বইমেলা থেকে তিনি বই কেনেন কি না এমন প্রশ্নের উত্তরে বলেন, প্রতিবছর আমি ব্যক্তিগতভাবে সাত থেকে দশ হাজার টাকা আলাদাভাবে রাখি। গবেষণাধর্মী, লোকশিল্প ও সাহিত্যনির্ভর বই কিনি। আর প্রচুর বই কিনে আমার চাচাতো-মামাতো ভাইবোন ও তাঁদের ছেলেমেয়েদের পাঠাই। শিশুতোষ বই ওরা খুব পছন্দ করে।