চার বছর পর আবার দাতাদের বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র (পিআরএসপি) অনুমোদন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং প্রেক্ষিত-২০২১ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আজ সোমবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী বৈঠক বসছে ঢাকায়। চার বছর পর বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ডিএফআইডির প্রধান প্রতিনিধি ক্রিস অস্টিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। বিশ্বব্যাংক, ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ডিএফআইডি, ইউএসএইড, কানাডিয়ান সিডা, ডেনমার্ক এবং স্থানীয় পরামর্শক দলের (এলসিজি) শীর্ষস্থানীয় পর্যায়ের ৩২টি উন্নয়ন-সহযোগী ও দেশের প্রতিনিধিরা অংশ নেবেন এতে। বৈঠককে সামনে রেখে উন্নয়ন-সহযোগীদের কাছে উপস্থাপনের জন্য ‘বাংলাদেশ অবস্থানপত্র’ নামক একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। দেশের অর্থনীতির সূচক, এযাবত্কালের অর্জন, আরও অর্জন-সক্ষমতা, আগামী দিনের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং উন্নয়ন-সহযোগীদের ভূমিকা, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন, দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনাসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, শুল্কমুক্ত বাজারসুবিধা এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিষয়গুলো অবস্থানপত্রে তুলে ধরা হয়েছে।বৈঠকে আগামী দিনে টেকসই অর্থনৈতিক উন্নয়ন বা জিডিপির হার বাড়াতে বাংলাদেশের চাওয়াগুলো তুলে ধরা হবে। বৈঠকে তাদের কাছে শুধু সাহায্য নয়, চাওয়া হবে নানা ধরনের নীতিগত সহযোগিতা। অবস্থানপত্রে বলা হয়েছে, উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে প্রতিবছর দুই থেকে আড়াই বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া যায়। এই পরিমাণ উল্লেখযোগ্য নয়। সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে হলেও উন্নয়ন-সহযোগীরা তাদের সহযোগিতার হাত বাড়াতে পারে। বৈঠকে আজ সোমবার তিনটি এবং কাল মঙ্গলবার তিনটি মোট ছয়টি অধিবেশন থাকবে। উন্নয়ন কৌশল, সুশাসন ও মানবসম্পদ উন্নয়নের ওপর অনুষ্ঠেয় প্রথম অধিবেশনটিতে সব মন্ত্রণালয়ের সচিবেরা অংশ নেবেন। দিনের অন্য দুটি অধিবেশন হবে বিদ্যুত্ ও জ্বালানি এবং কৃষি, খাদ্যনিরাপত্তা ও পানিসম্পদের ওপর। আর আগামীকালের অধিবেশনগুলো হলো: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; পরিবহন ও যোগাযোগ এবং ডিজিটাল বাংলাদেশ ও আইসিটি উন্নয়নের ওপর। এগুলোতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৭৪ সালে শুরু হওয়া বৈঠকটির নাম ছিল দাতাগোষ্ঠীর বৈঠক। এত দিন বিশ্বব্যাংকের নেতৃত্বে উন্নয়ন-সহযোগীদের এই বৈঠকটি হতো প্যারিসে। সে জন্য নামকরণ হয়েছিল প্যারিস বৈঠক। তবে গত কয়েকটি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় উন্নয়ন ফোরামের বৈঠক। সর্বশেষ ২০০৫ সালে বৈঠকটি হয়। এরপর আবার অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। এবার দাতাদের নেতৃত্বে রয়েছে ডিএফআইডি। বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দিচ্ছে চীন, ভারত, সৌদি আরব, কুয়েত, কোরিয়া ও আবুধাবি।দ্বিতীয় পিআরএসপির মোড়ক উন্মোচন: গতকাল রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে দ্বিতীয় পিআরএসপির মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠান শেষে উন্নয়ন-সহযোগীদের কাছে এই দ্বিতীয় পিআরএসপি অনুমোদনের জন্য পেশ করা হবে বলে জানান তিনি। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলমের সভাপতিত্বে এতে পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার ও ইআরডি সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী জানান, সংশোধিত দ্বিতীয় পিআরএসপি অনুযায়ী ২০১১ সালের জুন পর্যন্ত দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। এরপর দেশের উন্নয়নে অনুসরণ করা হবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা।