চার বছর পর ধারাবাহিকে টনি ডায়েস
অভিনয়শিল্পী টনি ডায়েস চার বছর আগে ‘ভূতের গলি’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এরপর বেশ কটি একক নাটক ও টেলিছবিতে অভিনয় করলেও ধারাবাহিক নাটকের কাজ করেননি তিনি। চার বছর পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে শিল্পী টনি ডায়েসকে।সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ছায়াবৃতা’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নাটকটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।মেয়ে অহনা আর স্ত্রী প্রিয়া ডায়েসকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্থায়ীভাবে বসবাস করছেন টনি ডায়েস। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। গত বছর তৌকির আহমেদ যুক্তরাষ্ট্রে ছায়াবৃতা নাটকের শুটিং করতে গেলে সেখানেই টনি ডায়েসের সঙ্গে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে আলাপ হয়। তারপর তৌকির আহমেদের প্রস্তাবে ‘ছায়াবৃতা’ নাটকে অভিনয় করেন টনি ডায়েস।পরিচালক সূত্রে জানা গেছে, খুব শিগগিরই এটিএন বাংলায় নাটকটি দেখানো হবে।নাটকটির প্রচার উপলক্ষে সম্প্রতি এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে নাটকটির শুটিং সময়কার নানা অভিজ্ঞতা ও নাটকটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তৌকির আহমেদ।