চার বছর পর পর জন্মদিন, সুবিধাই হয়েছে: মামুনুর রশীদ
ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ খুব দুর্লভ একটি দিন। কারও জন্ম এ দিনটিতে হলে চার বছরে মাত্র একবারই এই দিনটি উদযাপন করা সম্ভব। ১৯৪৮ সালের এই দিনটিতেই জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্র জগতের গুণী নাট্যজন মামুনুর রশীদ। চার বছর ঘুরে আজ আবার বাংলাদেশের গুণী এই শিল্পীর জন্মদিন উদযাপনের সুযোগ এসেছে।প্রথম আলো অনলাইনের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় মামুনুর রশীদ বলেন, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পারিবারিকভাবে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার গাজীপুরের হাসনাহেনা শুটিং হাউসে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। সন্ধ্যার পর সেখানে পরিচিতজনদের থেকে শুরু করে সবাই মামুনুর রশীদকে শুভেচ্ছা জানাবেন।মামুনুর রশীদের জন্মদিন উদযাপন উপলক্ষে আরণ্যকের সভাপতিমণ্ডলীর সদস্য মান্নান হীরা বলেন, সন্ধ্যা ছয়টায় ‘ও আলোর পথযাত্রী’ গানটির সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে। এরপর থাকবে নৃত্যাঞ্চলের পরিবেশনায় নৃত্য। থাকবে গান ও আবৃত্তি। গান পরিবেশন করবেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান ও অমিত মল্লিকসহ আরও অনেকে।জন্মদিন প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চার বছর পরপর জন্মদিন হওয়ায় একটু সুবিধাই হয়েছে বলা যায়। জন্মদিন নিয়ে বাত্সরিক যে ঝামেলা রয়েছে, সেটা থেকে অন্তত রেহাই পাওয়া যায়। আমার কাছে মনে হয়, প্রতিবছর জন্মদিনের অনুষ্ঠানের জন্য সময়টা বের করাও কঠিন হয়ে যেত। আর তাই আমার জন্মদিনের জন্য বছর বছর বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে ঝামেলায় পড়তে হয় না।’মামুনুর রশীদ আরও বলেন, ‘গতকাল রাত থেকে পরিচিতজন ও বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’এবার ‘একুশে পদক ২০১২’ পেয়েছেন মামুনুর রশীদ। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার দুর্ভাগ্য সবকিছু বিলম্বে পেয়েছি। শুরু থেকেই অনেক যোগ্য লোক এই পদক পেয়েছেন। পাশাপাশি এমন অনেকেও পেয়েছেন, যাঁদের অবদান নিয়ে প্রশ্নও রয়েছে। তার পরও রাষ্ট্রীয় স্বীকৃতির পাওয়াটা অনেক আনন্দের।’১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের পাইকড়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। বাবা হারুনুর রশীদ ডাকবিভাগের সরকারি চাকরি করতেন। বাবার চাকরি সূত্রে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজে। ঢাকা পলিটেকনিক থেকে পুরকৌশল বিভাগ ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন রাষ্ট্রবিজ্ঞানে বিএ, এমএ। ১৯৬৭ সাল থেকেই নাটক লিখতে শুরু করেন বাংলাদেশ টেলিভিশনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন জড়িত হয়ে পড়েন স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ওরা আছে বলেই’, ‘ইবলিশ’, ‘এখানে নোঙর’, ‘রাঢ়াং’, ‘চে’র সাইকেল’ প্রভৃতি। শহীদুল্লা কায়সারের ‘সংশপ্তক’ উপন্যাসটির প্রথম নাট্যরূপ দিয়েছেন তিনি