চার বছর পর পার্লামেন্টে কাস্ত্রোর ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর চার বছর পর আজ শনিবার কিউবার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন ফিদেল কাস্ত্রো। সংক্ষিপ্ত ওই ভাষণে পরমাণু যুদ্ধ শুরু হওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন কিউবার অবিসংবাদিত এই নেতা।চিরাচরিত জলপাই রঙের পোশাকে পার্লামেন্টের অধিবেশনকক্ষে হাজির হওয়ার পর হাততালির মাধ্যমে বিপ্লবী এই নেতাকে অভিনন্দন জানানো হয়। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে প্রায় ১৫ মিনিটের লিখিত ভাষণ পড়ার সময় কাস্ত্রোর কণ্ঠস্বর অনেকটা দুর্বল শোনাচ্ছিল। এ সময় সে দেশের বর্তমান প্রেসিডেন্ট ও তাঁর ভাই রাউল কাস্ত্রো উপস্থিত ছিলেন। ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারে প্রচার করা হয়েছে। এর আগে কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, কাস্ত্রো পার্লামেন্টে ভাষণ দিতে পারেন।আগামী ১৩ আগস্ট ৮৪ বছরে পা দিতে যাওয়া ফিদেল কাস্ত্রো পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে এ ব্যাপারে আইনসভার সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ইরান ও উত্তর কোরিয়ায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এতে পরমাণু যুদ্ধ বাধতে পারে এবং গোটা বিশ্বের ওপর এর প্রভাব পড়বে।চার বছরের মধ্যে কাস্ত্রোর প্রথম এই পার্লামেন্ট ভাষণ বিশেষ তাত্পর্যপূর্ণ, কারণ ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার মাস আগে তিনি শেষবার এখানে ভাষণ দিয়েছিলেন। এই চার বছরে অসুস্থতার কারণে তিনি অনেকটাই জনগণের চোখের আড়ালে চলে গিয়েছিলেন। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে দেশের বুদ্ধিজীবী, নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধি ও তরুণ কমিউনিস্টদের সঙ্গে কথা বললেও চার বছরে এটাই তাঁর প্রথম প্রকাশ্যে কোনো রাজনৈতিক সভায় অংশগ্রহণ। বিবিসি।