চার বছর পর প্রথম জনসমক্ষে এলেন ফিদেল কাস্ত্রো
চার বছর আগে অসুস্থ হয়ে পড়ার পর কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এ সপ্তাহে হাভানার একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান পরিদর্শনকালে প্রথম জনসমক্ষে দেখা দিলেন। একটি ব্লগ ও কিউবান সরকারের একটি ওয়েবসাইটে গতকাল শনিবার এ সংবাদ প্রকাশিত হয়।রাষ্ট্রপরিচালিত ডব্লিউডব্লিউডব্লিউ ডট কিউবাডিবেট ডট সিইউতে প্রকাশিত ছেলে অ্যালেক্সের তোলা ছবিগুলোতে হাসিমুখে জাতীয় বৈজ্ঞানিক অনুসন্ধান কেন্দ্রের পরিচালকদের সঙ্গে আলাপরত ৮৩ বছর বয়সী কাস্ত্রোকে সুস্থ দেখাচ্ছিল।কাস্ত্রোর ওই প্রতিষ্ঠানটি পরিদর্শনের খবর প্রথম প্রকাশিত হয় সরকারের সমর্থক একটি ব্লগে। ব্লগটিতে প্রকাশিত মুঠোফোনে তোলা কিছু ছবিতে দেখা যায়, কেন্দ্রটি থেকে চলে যাওয়ার সময় কাস্ত্রো ভক্তদের সম্ভাষণ করছেন।রোজা সি বেজ নামের ওই ব্লগার লিখেছেন, গত বুধবার কাস্ত্রোকে ওই কেন্দ্রে এক আকস্মিক পরিদর্শন করতে দেখা যায়। চলে যাওয়ার সময় তিনি তাঁকে এক নজর দেখার জন্য অপেক্ষমাণ একদল লোককে সম্ভাষণ জানাতে দাঁড়িয়ে পড়েন।বেজ আরও জানান, ‘কৃশকায় হলেও তাঁকে বেশ ভালো দেখাচ্ছিল এবং আমাদের পরিচালকের বক্তব্য অনুযায়ী, তিনি মানসিকভাবেও খুব ভালো আছেন।’শুভ্র শ্মশ্রুমণ্ডিত কাস্ত্রোর পরনে ছিল একটি অ্যাথলেটিক জ্যাকেট। নিভৃতবাসে যাওয়ার পর তাঁর যত ছবি ছাপা হয়েছে ধরতে গেলে তার সবগুলোতেই তাঁকে এ রকম জ্যাকেট পরে থাকতে দেখা গেছে।২০০৬ সালের জুলাই মাসে কাস্ত্রোর খাদ্যনালিতে জরুরি অস্ত্রোপচার করা হয়। তখন তিনি তাঁর ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেন এবং ৭৯ বছর বয়সী রাউল কাস্ত্রো জাতীয় পরিষদের ভোটে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।যদিও গত চার বছর ধরে কাস্ত্রো নিভৃতে বাস করছেন। তিনি কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে মতামত কলাম লিখে জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছেন এবং এখনো পর্দার আড়াল থেকে রাজনৈতিক ভূমিকা পালন করেন।—রয়টার্স