চার বছর পর মামলার বিচার-প্রক্রিয়া শুরু, আদালতে শোরগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার বিচার-প্রক্রিয়া প্রায় চার বছর পর গতকাল সোমবার আবার শুরু হয়েছে। মামলার নতুন ১১ আসামির নয়জনসহ অন্য সব আসামিকে গতকাল আদালতে হাজির করা হয়।২০০৭ সালের নভেম্বরে আদালতে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের আবেদন জানানোর পর থেকে বিচার-প্রক্রিয়া স্থগিত ছিল। পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত শেষে গত ২ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে বিচার শুরুর পথ খুলে যায়।আদালত সূত্র জানায়, মামলার আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎফুজ্জামান বাবরসহ কারাবন্দী ১১ আসামিকে গতকাল চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁদের মধ্যে নিজামীসহ ছয়জন জামিনের আবেদন করেন। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গোলাম সারওয়ার আবেদন নামঞ্জুর করেন। বিচারক ৮ আগস্ট আবার আসামিদের উপস্থিতি ও পলাতক দুই আসামির ব্যাপারে পুলিশি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। বেলা ১১টা ২৪ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে একে একে ১১ আসামিকে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর এজলাস কক্ষে আনা হয়। তাঁরা হলেন নিজামী, বাবর, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সামরিক মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহম্মদ ও সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহসীনউদ্দিন তালুকদার ও সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এনামুল হক চৌধুরী, হাফিজুর রহমান এবং শ্রমিক সরবরাহকারী ঠিকাদার দীন মোহাম্মদ। আদালতে শোরগোল: আসামিদের এজলাস কক্ষে আনার পর তাঁদের আইনজীবীরা ‘চেয়ার চাই, চেয়ার চাই’ বলে শোরগোল শুরু করেন। একপর্যায়ে আসামিদের নির্দিষ্ট জায়গার পরিবর্তে আইনজীবীদের জন্য সংরক্ষিত বেঞ্চে বসার সুযোগ দেওয়া হয়। এরপর আসামিপক্ষের কৌঁসুলিরা শুনানি শুরু করেন। এ সময় এজলাস কক্ষে তিল ধারণের ঠাঁই ছিল না। তাই পুলিশ এজলাস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। এ অবস্থায় কয়েকজন কৌঁসুলি ভেতরে ঢুকতে পারছিলেন না। তাঁদের চাপে দরজা খুলে দেওয়া হয়। তাঁরা ভেতরে ঢুকেই বলতে থাকেন, ‘এটা কি ক্যাঙারু আদালত? দরজা বন্ধ করে প্রহসনের বিচার করতে দেওয়া হবে না।’শুনানি: গতকাল আসামিদের কৌঁসুলিরা ধারাবাহিকভাবে শুনানিতে অংশ নেন। তাঁরা এ মামলাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ উল্লেখ করে ছয় আসামির জামিনের আবেদন করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ জামিনের বিরোধিতা করে বক্তব্য দেওয়া শুরু করলে আসামিদের কৌঁসুলিরা চেঁচামেচি করতে থাকেন। কয়েকজন কৌঁসুলি ‘শেইম, শেইম (লজ্জা, লজ্জা)’ বলে চি ৎকার করলে পিপির বক্তব্য হারিয়ে যায়। ৫৫ মিনিট ধরে শুনানি চলাকালে এভাবে তুমুল হট্টগোল ও চেঁচামেচি হয়। এ সুযোগে আসামিরা তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে খোশগল্প চালিয়ে যান। দুপুর ১২টা ২০ মিনিটে শুনানি শেষ হয়। শুনানি শেষে আসামিদের চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় দলীয় নেতা-কর্মী ও আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করেন।পলাতক দুই আসামির পুলিশি প্রতিবেদন: দুই পলাতক আসামি হলেন সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. নুরুল আমিন ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া। নুরুল আমিনের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ পৌরসভার জানপুর পশ্চিমপাড়া। বর্তমান ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার শায়েস্তা খান রোডের জি-ব্লকের ২/১/ক-এর তৃতীয় তলা উল্লেখ রয়েছে। বর্তমান ঠিকানায় নুরুল আমিন আছেন কি না, তা এক মাসেও মোহাম্মদপুর থানার পুলিশ চট্টগ্রামের আদালতকে জানাতে পারেনি। গতকাল শুনানি শেষ হওয়ার পর মোহাম্মদপুর থানার পুলিশ এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠায়। পিপি কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাফিলতির কারণে পলাতক আসামি নুরুল আমিনের ব্যাপারে পুলিশি প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে ৮ আগস্ট আবার শুনানির দিন ধার্য করা হয়।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। সরকারি গোয়েন্দা সংস্থার লোকজনের সহায়তায় বিশাল চালানের এসব অস্ত্র ভারতে উলফার ঘাঁটিতে পাঠানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।