চার বছর পরিত্যক্ত ছিল কাবোর উড়োজাহাজটি
বিমানমন্ত্রী ও সংসদীয় কমিটির বিরোধের কেন্দ্রবিন্দু নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসের বিতর্কিত সেই উড়োজাহাজ চার বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল যুক্তরাষ্ট্রের মোহাভি বিমানবন্দরে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটি এ দেশে এনে হজ ফ্লাইট পরিচালনার নামে বিমানের বহরে যুক্ত করা হয়।২৪ বছরের পুরোনো সেই উড়োজাহাজ আগামী হজ পর্যন্ত রাখার অনুমতি দিতে রাজি না হওয়ায় বেশ চাপের মুখে পড়েন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। এ নিয়ে সংসদীয় কমিটি সংবাদমাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করে।প্রথম আলোর অনুসন্ধানে উড়োজাহাজটি পরিত্যক্ত অবস্থা থেকে এ দেশে আনার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। জানা যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর স্থানীয় এজেন্ট পরিবর্তন হলেও উড়োজাহাজটি এ দেশে আনার নেপথ্যে রয়েছেন সৌদি-প্রবাসী জনৈক ফখরুল ইসলাম।বিশ্বজুড়ে বেসামরিক বিমান সংস্থা এবং উড়োজাহাজসংক্রান্ত তথ্যাবলির ওয়েবসাইট ‘প্লেনসেরজিস্টার ডট কম’ (http://www.planesregister.com) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কাবো থেকে আনা সেই উড়োজাহাজ (রেজি: 5N-MAD, MSN 23547) দিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করা হয় ১৯৮৬ সালের ২২ এপ্রিল। তখন এটি ছিল যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্ট এয়ারলাইনসের বহরে। টানা ১৭ বছর পরিচালনার পর নর্থ ওয়েস্ট এয়ারলাইনস এই বোয়িং ৭৪৭ উড়োজাহাজ পরিত্যক্ত হিসেবে ফেলে রাখে। উড়োজাহাজটি ২০০৩ সালের ১৭ অক্টোবর থেকে ২০০৭-এর নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোহাভি বিমানবন্দরে পড়ে থাকে। এরপর এটি নাইজেরিয়ার কাবো এয়ার কিনে নেয়। ২০০৭ সালের ২৫ নভেম্বর এটি কাবোর বহরে যুক্ত হয়। তারপর এটি উড্ডয়ন উপযোগী করে ভাড়া দেওয়া হয় বাংলাদেশ বিমানের কাছে। এটি ২০০৮ সালের ১ মার্চ ভাড়া করা হলে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হয়।বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, পুরোনো উড়োজাহাজটি বাংলাদেশে নিয়ে আসার পেছনে মূল ব্যক্তি সৌদি-প্রবাসী ফখরুল ইসলাম। তিনি জেদ্দায় সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের সহকারী লাইব্রেরিয়ান। তাঁর সঙ্গেই কাবো এয়ারের মূল যোগাযোগ। ফখরুলের পক্ষে তাঁর ভাই সেলিম ঢাকায় কাবোর স্বার্থ দেখেন। এমনকি ঢাকার রিজেন্সি হোটেলে কাবোর ক্রুদের রাখার সব বিল পরিশোধ করেন ফখরুল ও তাঁর ভাই সেলিম।অবশ্য সেলিম প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি কাবোর কেউ নন। শুরুতে এ দেশে কাবোর এজেন্ট ছিলেন মেজর (অব.) ফজলুর রহমান। তাঁর ভাই ফখরুলের সঙ্গে কাবো এয়ারের মালিকের ঘনিষ্ঠতা রয়েছে। সে হিসেবে ফখরুল এ দেশে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে বলা হয়েছে, কাবোর এদেশীয় এজেন্ট হাওয়া ভবনের ঘনিষ্ঠ, এ কথা ঠিক নয়। কারণ আমরা কাবোর এয়ারক্রাফটি এ দেশে এনেছি তত্ত্বাবধায়ক সরকারের আমলে।’মেজর (অব.) ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি শুরুতে কাবোর এজেন্ট ছিলেন। ২০০৮ সালের মে মাসে হজ ফ্লাইটের জন্য বিমান দরপত্র আহ্বান করলে কাবো ও ওরিয়েন্ট-থাই এয়ার অংশ নেয়। এতে কাবো প্রতি উড্ডয়ন ঘণ্টা পাঁচ হাজার ৮০০ ডলার এবং ওরিয়েন্ট-থাই পাঁচ হাজার ৩০০ ডলার দর দেয়। তিনি বলেন, ‘তখন বিমান সিদ্ধান্ত নেয়, দুই কোম্পানি থেকে দুটি উড়োজাহাজ ভাড়া করবে। আমাদের বলে ওরিয়েন্ট-থাইয়ের দরে রাজি হলে আমাদেরটা নেবে। আমরা বললাম, পাঁচ হাজার ৩০০ ডলারে রাজি আছি, যদি এক বছরের জন্য হয়। বিমান বলে ছয় মাসের জন্য। পরে এই শর্তে ভাড়ার চুক্তি হয়। ২০০৯ সালের মার্চে চুক্তির মেয়াদ শেষ হয়।’ফজলুর রহমান বলেন, ২০০৯ সালের আগস্টে বিমান হজ ফ্লাইটের জন্য দরপত্র ডাকলে আবার ওরিয়েন্ট-থাই ও কাবো এয়ার অংশ নেয়। এবারও বিমান সিদ্ধান্ত নেয়, আগের মতো দুই কোম্পানি থেকে দুটি উড়োজাহাজ নেবে। এবার কাবো ঘণ্টায় আট হাজার ১০০ ডলার আর ওরিয়েন্ট-থাই সাত হাজার ৮০০ ডলার দর দেয়। তখন বিমান কর্তৃপক্ষ কাবোকেও সাত হাজার ৮০০ ডলারে রাজি হতে বলে। এই পর্যায়ে কাবো কর্তৃপক্ষ রাজি হয়। সে ক্ষেত্রে এক বছরের ভাড়ার চুক্তি হতে হবে বলে জানায়। তিনি বলেন, ‘একপর্যায়ে আলোচনা ভেঙে যায় এবং আমি কাবোর এজেন্ট থেকে সরে যাই। তখন বিমান কর্তৃপক্ষ কাবোকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েক দিন পর পাঁচ হাজার ৩০০ ডলারে কাবোর ওই উড়োজাহাজই আট মাসের জন্য ভাড়া নেয় বিমান।’বিমান সূত্র জানায়, গত বছর হজ ফ্লাইটের জন্য কাবোর উড়োজাহাজ ভাড়া নেওয়ার সময় বিমানের একজন শীর্ষ কর্মকর্তার অনুরোধে স্থানীয় এজেন্ট পরিবর্তন করা হয়। এরপর স্থানীয় এজেন্ট হন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা মারুফ।অবশ্য মির্জা মারুফ প্রথম আলোকে বলেন, ফখরুলের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। গত বছর কাবোর প্রস্তাব পেয়ে তিনি এর স্থানীয় এজেন্ট হয়েছেন।অপর একটি সূত্র জানায়, গত বছরের শুরু থেকে সংসদীয় কমিটি বিমানের দুর্নীতি নিয়ে তদন্তের বিষয়ে ব্যাপক কথা বলা শুরু করায় কাবো কর্তৃপক্ষ সংসদীয় কমিটির কিছু প্রভাবশালী সদস্যের সঙ্গে সমঝোতা করে। অভিযোগ আছে, সংসদীয় কমিটির এক সদস্যের বাসায় কাবোর প্রতিনিধি ফখরুলের সঙ্গে তাঁর বৈঠক ও সমঝোতা হয়। ওই সদস্যের বক্তব্য জানার জন্য যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।ফখরুল ইসলামের সৌদি আরবের ফোন নম্বরে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা জানান, তিনি এই মুহূর্তে দুবাই সফরে আছেন।অবশ্য ফখরুলের ভাই সেলিম সংসদীয় কমিটির কোনো সদস্যের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করেন।