চার বছরে গুম-অপহরণ তিন হাজার ১৫৯: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের চার বছরে তিন হাজার ১৫৯টি গুম ও অপহরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।এদিকে, সংসদে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে ভারত-বাংলাদেশের সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। কিছুটা দেরি হলেও চুক্তিটি সম্পাদিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিকেল পৌনে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর-পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ জয়নাল আবদিনের (ফেনী-২) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে দস্যুতা, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন, গুম, গবাদিপশু চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, শিশু নির্যাতন ও অপহরণের মতো মোট ৯৮ হাজার ১৮৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে গুম ও অপহরণের ঘটনা ঘটেছে তিন হাজার ১৫৯, নারী নির্যাতনের ঘটনা ৫০ হাজার ৬৬৯ ও ধর্ষণের ঘটনা ১২ হাজার ৭৫০টি। সর্বাধিক ধর্ষণ ৮৫৭টি এবং গুমের ঘটনা ৫২৯টি ঢাকা মেট্রোপলিটন এলাকায় ঘটেছে বলে জানান তিনি। বিএনপির শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজনৈতিক, অরাজনৈতিক ও দাঙ্গায় মোট ১৬ হাজার ২৮৫ জন খুন হয়েছে। এর মধ্যে রাজনৈতিক কারণে ৫১ ও দাঙ্গায় ১৬০ জন খুন হয়েছে। সর্বাধিক এক হাজার ৮৮ জন খুন হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায়। জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দেশে কোনো বন্দী আটক নেই। বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বজিত্ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত আসামির সংখ্যা অজ্ঞাতনামা ২০-২৫ জন। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজিলাতুননেসার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১২ সালে যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, ধর্ষণের পর হত্যা বা আহত করা ইত্যাদি কারণে মোট ১৯ হাজার ৪২২ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। বিএনপির এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত চার বছরে রাজনৈতিক সংঘাতে ৫১ জন মারা গেছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান জানান, সম্প্রতি মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ করতে সীমান্তে কাঁটাতারের বেড়া, সার্চলাইট ও ওয়াচ টাওয়ার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য বিজিবির শক্তি বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। প্রশ্নোত্তর-পর্বে পররাষ্ট্রমন্ত্রীআনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে ভারত-বাংলাদেশের সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। কিছুটা দেরি হলেও চুক্তিটি সম্পাদিত হবে বলে আশা করা যায়। শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের ৪৭টির বেশি দেশের কারাগারে বিভিন্ন কারণে চার হাজার ৫৩২ জন বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে সর্বাধিক ৬৮৩ জন সৌদি আরবে এবং ৫৯৩ জন ভারতের কারাগারে আটক। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে মোট ২৫ হাজার ৬৮৮ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। তাদের জন্য সরকারের বার্ষিক প্রত্যক্ষ ব্যয় পাঁচ কোটি ৫৩ লাখ টাকা।