গত চার বছরে নকল, ভেজাল, নিম্নমানের আর মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রস্তুতকারক ও বিক্রেতাদের বিরুদ্ধে ১৩৩টি অভিযান চালিয়েছেন র্যাবের বিভিন্ন দল ও ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তার করা হয়েছে ১৭৪ জনকে। এ সময় প্রচুর ওষুধ উদ্ধার করা হয়েছে, জরিমানা আদায় করা হয়েছে, কোনো কোনো কারখানা ও ওষুধের গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ওই কারখানা ও বিক্রয় প্রতিষ্ঠানগুলো আবারও আগের অবস্থায় ফিরে আসে।র্যাব সূত্রগুলো জানায়, মূলত দেশের গ্রামাঞ্চলে বিক্রির জন্য এসব নিম্নমানের ও নকল ওষুধ তৈরি হয়। এগুলোর বাজারদর প্রচলিত ওষুধগুলোর তুলনায় কয়েক গুণ কম। ঢাকার মিটফোর্ড পাইকারি বাজারের মধ্যস্থতাকারীরা এসব ওষুধ বিক্রিতে মধ্যস্থতা করেন। ক্রেতার চাহিদা অনুযায়ী তৈরি হয় এসব ওষুধ।চক্র: ওষুধ উৎপাদক ও আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের তথ্যমতে, দেশে ২৫৭টি অনুমোদিত ওষুধ কারখানা রয়েছে। এগুলোর মধ্যে ১৯৪টি বর্তমানে চালু আছে। প্রথম সারির ৪০টি ওষুধ কোম্পানি দেশের মোট ওষুধের ৯৫ শতাংশ চাহিদা পূরণ করে। বাকি ওষুধগুলো সরবরাহ করে অন্যরা। তারা অনেক সময় নামী কোম্পানির নাম ব্যবহার করেও ওষুধ বাজারজাত করে।ঢাকার মিটফোর্ড, নারায়ণগঞ্জ, টঙ্গী, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এসব কোম্পানির কারখানা ও গুদাম। তবে এগুলোর বিপণনব্যবস্থা মিটফোর্ডকেন্দ্রিক। মিটফোর্ড এলাকার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওষুধের ক্রেতাদের যোগাযোগ হয় উৎপাদকদের সঙ্গে।ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদকেরা শুধু ওষুধ তৈরি করে দেয়। তারপর ক্রেতা সুবিধামতো নামী দেশি বা বিদেশি কোম্পানির মোড়ক ও লেবেল লাগিয়ে এসব ওষুধ বাজারজাত করে।যেভাবে তৈরি হয়: ৭ ডিসেম্বর বাবুবাজারের ভূঁইয়া মেডিসিন মার্কেটে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে ভেজাল ওষুধ বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে উদ্ধার করা হয় অন্তত ২০ হাজার খোলা বড়ি, মোড়ক, ওষুধের বোতলের মুখে লাগানোর জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ইত্যাদি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘর থেকে উদ্ধার করা বড়িগুলো সব ব্রিস্টল ফার্মাসিউটিক্যালসের তৈরি। এই বড়িগুলোই বিভিন্ন মোড়কে ভরে বাজারে পাঠানো হচ্ছে। স্কয়ারের তৈরি ফিলওয়েল গোল্ড, অ্যাপেক্স ফার্মার অ্যাজট্রাম গোল্ড, বেক্সিমকোর বেক্সট্রাম গোল্ডের মোড়কে ভরে এগুলো বাজারজাত করা হচ্ছে। একই সঙ্গে ব্রিস্টল কোম্পানি ওই ওষুধগুলোই বিপিক্যাল-৫০০ নামে বাজারজাত করছে। একই সঙ্গে ইনোভা নামের আরেকটি কোম্পানি ইন্ট্রাম গোল্ড নামেও এগুলো বাজারজাত করছে।র্যাবের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ব্রিস্টলের তৈরি একেকটি বড়ির দাম ২৭ টাকা। অথচ এগুলো যে মোড়কে ভরা হচ্ছে, তাতে ৩০টি বড়ির দাম লেখা রয়েছে ১৫০ থেকে ১৮০ টাকা। অর্থাৎ প্রতিটি বড়ির দাম পড়ছে পাঁচ থেকে ছয় টাকা। মিটফোর্ড মার্কেট থেকে প্রতিদিন কয়েক লাখ এ রকম বড়ি বাজারজাত করা হয়। এখন মিটফোর্ডের পাশে কেরানীগঞ্জেও এ রকম কারখানা গড়ে উঠছে।অভিযান পরিচালনাকারী র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, ছোট একটি খুপরিঘরে বসে তিনজন ওষুধের প্যাকেট করছিল। একটা বড় প্লাস্টিকের থলেতে বড়িগুলো রাখা ছিল। সেখান থেকেই একজন সেগুলো বোতলে ভরছে। অন্যরা সেই বোতলে ইচ্ছেমতো কোম্পানির স্টিকার লাগিয়ে মোড়কে ভরে বিক্রির জন্য প্রস্তুত করছে। এখান থেকে উদ্ধার করা হয় কয়েকটি নামী কোম্পানির চোখের ড্রপ। পরে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ছোট ছোট কৌটাগুলোতে ডিস্টিল ওয়াটার ভরে তারা সেগুলো বাজারজাত করছে। এর আগে কেরানীগঞ্জেও একই ধরনের অভিযান চালানো হয়।ভেজাল শিল্প: র্যাবের গোয়েন্দারা জানান, ভেজাল ও নিম্নমানের ওষুধ তৈরির সঙ্গে জড়িত ৩০টির মতো প্রতিষ্ঠানকে তাঁরা চিহ্নিত করেছেন। এর মধ্যে ২০০৮ সালের এপ্রিল মাসে ইনোভা ফার্মাসিউটিক্যালস, ব্রিস্টল ফার্মা লিমিটেড ও ন্যাশনাল ড্রাগস কোম্পানি লিমিটেডের কার্যালয়, কারখানা ও গুদামে র্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান চালান। অভিযানের সময় ওই তিনটি কোম্পানির ওষুধের গুদাম বন্ধ করে দেওয়া হয়। তিন প্রতিষ্ঠানের কাগজপত্র জব্দ করে এর মালিক, পরিচালক, কেমিস্টসহ ১৬ কর্মকর্তা-কর্মচারীকে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।কিন্তু কয়েক দিন যেতে না যেতেই ওই কোম্পানিগুলো আবার উৎপাদন শুরু করে। তাদের উৎপাদিত ওষুধগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে।সম্প্রতি র্যাবের হাতে উদ্ধার করা ভেজাল ওষুধগুলো মূলত ব্রিস্টল ফার্মায় তৈরি করা বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। প্রতিটি বড়ির গায়ে ব্রিস্টল লেখা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ব্রিস্টল ফার্মার প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে র্যাব ও ওষুধ প্রশাসন কারখানায় ও গুদামে অভিযান চালিয়েছিল। কিন্তু তারা কিছু না পেয়ে ফেরত গেছে। গুদাম সিলগালা করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এক দিনের জন্যও কারখানার উৎপাদন বন্ধ ছিল না।সাম্প্রতিক সময়ে ব্রিস্টলের প্রচুর বড়ি উদ্ধার প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট (বিপিক্যাল-৫০০) কিনে ওরা আমাদের মোড়ক খুলে ফেলে। এরপর তারা অন্য বোতলে ভরে বা লেবেল লাগিয়ে মাল্টিভিটামিন হিসেবে বিক্রি করছে। আমরা এসব জানতাম না। র্যাবের অভিযানের পর বিভিন্ন পত্রিকার মাধ্যমে এসব জানতে পেরেছি।’ ব্রিস্টল থেকে প্যাকেট ছাড়া কোনো ওষুধ বিক্রি হয় না বলে তিনি জানান।অথচ র্যাবের অভিযানগুলোতে দেখা গেছে, বড় বড় প্লাস্টিকের কনটেইনারে ভরা ব্রিস্টল লেখা হাজার হাজার বড়ি নিয়ে বসে বিভিন্ন মোড়কের বোতলে পুরছে ভেজালকারীরা। তবে র্যাব সূত্রগুলো জানিয়েছে, ২০০৮ সালে র্যাবের গোয়েন্দা শাখার একজন মেজর নিজে ক্রেতা সেজে ব্রিস্টল ফার্মার ব্যবস্থাপনা পরিচালক শামসের আলম ভূঁইয়ার সঙ্গে নিম্নমানের ওষুধ কেনার জন্য দরদাম করেন। এরপর র্যাব ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে সিলগালা করে দেয়।র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ওষুধে ভেজাল ঠেকাতে হলে সবার আগে এ-সংক্রান্ত আইনকে আরও শক্ত করতে হবে। আর বিশেষ করে এ শিল্পের সঙ্গে জড়িত ভালো প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে হবে।