চার বছরেও হত্যা মামলার তদন্ত হয়নি, ১১ বার কর্মকর্তা পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরি মিঠাপুর গ্রামের ব্যবসায়ী শফিউল্লাহ মিয়া ওরফে টুলু হত্যা মামলা প্রায় চার বছর ধরে ফাইলবন্দী হয়ে আছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে টুলুকে গুলি করে হত্যা করে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা যায়, দশবার তদন্তকারী বদলের পর এখন একাদশ কর্মকর্তা এ মামলার তদন্ত করছেন। মামলার বাদী খোঁজখবর না নেওয়ায় মামলাটি ফাইলবন্দী অবস্থায় পড়ে আছে। এ কারণে বারবার তারিখ পড়লেও আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। এই ফাঁকে বেশির ভাগ আসামিই জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান। মামলার সাবেক তদন্ত কর্মকর্তা নড়াইলের উপপরিদর্শক মো. বালা মিয়া বলেন, ‘মামলাটি বাগেরহাট জেলার সিআইডি কর্মকর্তা উপপরিদর্শক হরিপদ বিশ্বাসের তদন্তাধীন রয়েছে। তিনি মামলার ১০ নম্বর তদন্ত কর্মকর্তা। মামলার তদন্তসংক্রান্ত কোনো কাগজপত্র নড়াইল অফিসে নেই। বর্তমানে কোনো আসামিও আটক নেই।’ মুঠোফোনে বাগেরহাটের সিআইডি কর্মকর্তা উপপরিদর্শক হরিপদ বিশ্বাস বলেন, ‘মামলার বাদী নাসরিন নাহার স্বামীর বাড়ি ছেড়ে বর্তমানে যশোর মনিরামপুরে বাবার বাড়ি বসবাস করায় মামলার বিষয়ে খোঁজখবর নেন না। বরং তিনি আসামিদের সঙ্গে আপস-মীমাংসার চেষ্টা করায় টুলুর মা নিজে বাদী হয়ে আদালতে আরেকটি মামলা করেন। তবে মামলার ১ নম্বর আসামি আরব আলী ঢাকা ন্যাশনাল ব্যাংক চকবাজার শাখায় কর্মরত। তাঁকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারি পারোয়ানা দেওয়া হলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। মামলাটি যশোরের অতিরিক্ত পুলিশ সুপারের তদন্তাধীন রয়েছে। তিনি মামলার ১১ নম্বর তদন্ত কর্মকর্তা।’টুলুর মা আলিমন নেছা বলেন, ‘ছলরে মারে ফেলানুর বিচার চায়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতিছি, কিন্তু কেউ কিছু কচ্ছে (জানাচ্ছে) না। পুলিশও কিছু কয় না। খালি কচ্ছে, বিচার হবেনে। চার বছর হয়ে গেল, উকিলি (আইনজীবী) কচ্ছে, পুলিশ মামলার কী যেন (চার্জশিট) কোর্টে দেয়নি। এই জন্যি খালি মামলার দিন পড়তিছে। আমার ছলরে মারে ফেলানুর বিচার কি পাব না? মামলা তুলে নিয়ার জন্যি আসামিরা হুমকি দেচ্ছে। বাড়িঘরে থাকতি পাত্তিছি না।’ একই ইউনিয়নের নালিয়া গ্রামের আরব আলী, নবাব আলী, খান মহম্মদ আলী, শওকত আলী, হাফিজার খান, মিঠাপুর গ্রামের মতিয়ার রহমান, দরি মিঠাপুর গ্রামের সিদ্দিক মোল্যা, হাচান খান, মফিজ খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করা হয়। মুঠোফোনে আরব আলী বলেন, ‘আমি উচ্চ আদালত থেকে জামিনে আছি। নড়াইল-২ আসনের সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের ও রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক বিষয়টি আপস-মীমাংসার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন।’ সাংসদ এস কে আবু বাকের প্রথম আলোকে বলেন, ‘কোনো অপরাধের সঙ্গে আপস-মীমাংসার প্রশ্নই আসে না। এ ব্যাপারে আমার সঙ্গে কিংবা রাজউকের সাবেক চেয়ারম্যান এম আজিজুল হকের সঙ্গে কোনো কথাও হয়নি। অপরাধীরা সাজা পাক, এটাই সবার কাম্য।’