চার বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মরণোত্তর সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ২০১১ সালে মৃত্যুবরণকারী চার বাংলাদেশি শান্তিরক্ষীর স্বজনদের কাছে জাতিসংঘের মরণোত্তর সম্মাননা ‘দ্যাগ হ্যামারশল্ড’ পদক হস্তান্তর করা হয়েছে।আজ বুধবার ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এই পদক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. মইনুল ইসলাম।পদক পাওয়া শাহাদত বরণকারী শান্তিরক্ষীরা হলেন—মেজর কে এম জিয়াউল হক, (ব্যানএমপি-৬, মনুস্কো, কঙ্গো), ক্যাপ্টেন মোহাম্মদ ইফতেখার আলম, (ব্যানব্যাট-৫, আনমিস, সুদান), শিক্ষক মো. আবদুস সালাম (ব্যান হেডকোয়ার্টার্স সাপোর্ট কোম্পানি-৭, ইউনোসি, আইভরিকোস্ট) ও করপোরাল (করণিক) মো. ইউনুস মিয়া (ব্যানএমপি-৬, মনুস্কো, কঙ্গো)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০১২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনের কাছে পদকগুলো হস্তান্তর করেন। আজ ওই শান্তিরক্ষীদের স্বজনদের কাছে তা তুলে দেওয়া হল। দ্যাগ হ্যামারশল্ড জাতিসংঘের একটি মরণোত্তর সম্মাননা পদক। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উত্সর্গকারী সামরিক, পুলিশ ও বেসামরিক ব্যক্তিরা এ পদক পেয়ে থাকেন। দ্যাগ হ্যামারশল্ড ১৯৬১ সালে কর্তব্যরত অবস্থায় বিমান দুর্ঘটনায় মারা যান। ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ জন শহীদ শান্তিরক্ষীকে এ পদক দেওয়া হয়েছে।