চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ও ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বুধবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারী বেরুবাড়ি সীমান্ত থেকে আবুল হোসেন ওরফে সোনাউদ্দীন (৫০) ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে মো. খলিল (৪০) নামের এক কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ছাড়া গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের মন্ডুমাল সীমান্ত এলাকা থেকে আশরাফুল হক (২৭) ও কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার খলিলের চর সীমান্ত থেকে আলতাফ হোসেন (২৫) নামের আরও দুজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।পঞ্চগড়: বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, আজ সকালে গরু ব্যবসায়ী আবুল হোসেন সীমান্তের ৭৭৪ নম্বর মেইন পিলার এলাকায় মাঠে কাজ করছিলেন। এ সময় ভারতের সাতকুড়া বেরুবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। আবুল হোসেন ইউনিয়নের নাওতারী গ্রামের বাসিন্দা।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডানাকাটা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন চলছে।ঠাকুরগাঁও: ৩০ বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে হরিপুরের বকুয়া ইউনিয়নের মানিখাবাড়ি গ্রামের খলিল ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার এলাকায় নিজের তরমুজখেতে কাজ করছিলেন। এ সময় ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে তুলে নিয়ে যান। বাংলাদেশির আটকের কথা শুনে বিএসএফকে পতাকা বৈঠকে বসার অনুরোধ করে চিঠি দেওয়ার পর বেলা আড়াইটার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রতিবাদ পাঠানো হয়েছে। এদিকে, গতকাল মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলার মন্ডুমাল সীমান্ত এলাকা থেকে আশরাফুল হক (২৭) নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাঁকে ফেরত দেয়নি বিএসএফ।কুড়িগ্রাম: বিজিবি সূত্রে জানা গেছে, আলতাফ হোসেন গতকাল নাগেশ্বরী উপজেলার খলিলের চরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৩২-এর ৫ এস সাব-পিলারের পাশে জিরো লাইনসংলগ্ন এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের আসাম রাজ্যের শিয়ালদহ সস্তারঘাট বিএসএফ বিওপির একটি টহলদল তাঁকে ডেকে নেওয়ার পর ধরে নিয়ে যায়। আলতাফ উপজেলার ছত্রপুর গ্রামের কাশেম আলীর ছেলে। বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দীনেশ চন্দ্র রায় জানান, আজ বুধবার সকাল ১০টা থেকে প্রায় ২০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে বিএসএফ আলতাফকে ধরে নিয়ে যাওয়ার কোনো কারণ বলেনি। তবে বৈঠকে বিএসএফ জানিয়েছে, তাঁরা আলতাফকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে।