চার বাংলাদেশিকে ফেরত দেয়নি নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মংডু শহরের ঢেকুবনিয়ায় আটক তিন পুলিশসহ চার বাংলাদেশিকে এখনো ফেরত দেয়নি দেশটির সীমান্তরক্ষী বাহিনী নাসাকা।চার বাংলাদেশিকে ফেরতের বিষয়ে আজ রোববার দুপুরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমারের নাসাকার মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নাম-ঠিকানা ভুলের কারণে আটক চার বাংলাদেশিকে ছাড়তে রাজি হয়নি নাসাকা।বিজিবি সূত্র জানায়, নাসাকার আহ্বানে আজ দুপুর ১২টায় মিয়ানমারের ঢেকুবনিয়া নাসাকা ফাঁড়িতে ওই পতাকা বৈঠক হয়। দুই ঘণ্টার ওই বৈঠকে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান। নাসাকার পক্ষে নেতৃত্ব দেন নাসাকার ৩ নম্বর সেক্টরের পরিচালক সি শেন তোরা। বৈঠক শেষে লে. কর্নেল মো. খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, আটক তিন পুলিশ কনস্টেবলের নাম ও ঠিকানা ভুল থাকায় ওই চার বাংলাদেশিকে ছাড়তে রাজি হয়নি নাসাকা। এর পরিপ্রেক্ষিতে প্রকৃত নাম-ঠিকানা ও প্রমাণপত্র নাসাকার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাগজপত্র যাচাই-বাছাই করে আরেকটি পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশিদের ফেরত দেওয়া হবে বলে সি শেন তোরা আশ্বাস দিয়েছেন। এ ক্ষেত্রে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। গত ১৩ মার্চ বিকেলে উখিয়ার ধুমধুম সীমান্ত থেকে চার বাংলাদেশিকে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক করে নাসাকা। তাঁরা হলেন: উখিয়া উপজেলার বালুখালি টিভি রিলে স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত পুলিশ কনস্টেবল ইরফান সরকার, ইমরান হোসেন, মুজিবুর রহমান ও কুতুপালং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। তাঁদের নাসাকার ঢেকুবনিয়া ফাঁড়িতে রাখা হয়েছে।