চার বিচারপতির শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন চার বিচারপতি। তাঁরা হলেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি ফরিদ আহেমদ ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। প্রথম দুজনের শপথকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি-সমর্থক আইনজীবীরা গতকাল দিনভর প্রতিবাদ সভা, বিক্ষোভ ও হইচই করেন।গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে রুহুল কুদ্দুস ও খসরুজ্জামানসহ ১৭ জনকে নিয়োগ দেন। ১৮ এপ্রিল এ দুজন ছাড়া অপর ১৫ জনকে শপথবাক্য পাঠ করান তৎকালীন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। সর্বশেষ ১ নভেম্বর রাষ্ট্রপতি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে ফরিদ আহেমদ ও নজরুল ইসলাম তালুকদারকে নিয়োগ দেন। তবে প্রথম দুজনের নিয়োগের পর তাঁদের শপথের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন আইনজীবী সমিতির বিএনপি-সমর্থক আইনজীবীরা। শপথ পড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংবিধান সমুন্নত রাখার স্বার্থে দুই বিচারপতিকে শপথ পড়ানো হয়েছে।শপথ পড়ানোর প্রতিবাদে সমিতির বিএনপি-সমর্থক আইনজীবীরা দুই বিচারপতির এজলাস বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে নতুন বিচারপতিদের স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলসহ সমিতির সরকার-সমর্থক আইনজীবীরা।গতকাল দুপুরে বিএনপি-সমর্থক আইনজীবীরা দুই বিচারপতির (ছয় মাস আগে নিয়োগ পাওয়া) এজলাস কক্ষের সামনে অবস্থান নেন। সমিতির সভাপতি ও সম্পাদক দুটি বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ করে দুই বিচারপতির সঙ্গে এজলাসে না বসার আহ্বান জানান। এ ছাড়া সরকারবিরোধী আইনজীবীরা সমিতির প্রাঙ্গণে থাকা সমিতির পতাকা খুলে কালো পতাকাও টাঙিয়ে দেন। জাজেস লাউঞ্জের সামনে: সকাল সাড়ে ১০টায় চার বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সোয়া ১০টার দিকে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজাসহ ২০-২৫ জন আইনজীবী জাজেস লাউঞ্জের প্রবেশমুখে অবস্থান নেন। সমিতির সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে তাঁদের শপথ দেওয়া হয়নি। তাঁদের বিতর্কিত কর্মকাণ্ড গণমাধ্যমে এসেছে। এ জন্য সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষার জন্য প্রধান বিচারপতিকে শপথ না পড়ানোর জন্য বলেছিলাম। তাঁর পূর্বসূরি শপথ পড়াননি। বলেছি, শপথ পড়িয়ে সুপ্রিম কোর্ট অশান্ত করবেন না। কিন্তু সাড়া পাইনি। এ জন্য সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও আইনের শাসন প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’এ সময় আইনজীবীরা ‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করো, করতে হবে’ এবং ‘ছি ছি লজ্জা’ ইত্যাদি স্লোগান দেন। বিপরীত পাশে প্রধান বিচারপতির খাসকামরাসংলগ্ন স্থানে সাড়ে ১০টার দিকে সমিতির সরকার-সমর্থক আইনজীবীরা জড়ো হন। এ সময় তাঁরা ‘যোগ্য লোক বিচারপতি, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। বেলা পৌনে ১১টার দিকে আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। এ পর্যায়ে সকাল ১০টা ৫৫ মিনিটে বসে ও দাঁড়িয়ে জাজেস লাউঞ্জের প্রবেশমুখে অবস্থান নেন সরকারবিরোধী আইনজীবীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্মড ফোর্সের সদস্যরা হুইসেল দিয়ে প্রবেশ করেন জাজেস লাউঞ্জের সামনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা ১১টার দিকে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহাসহ কয়েকজন বিচারপতি জাজেস লাউঞ্জে প্রবেশ করেন। শপথ অনুষ্ঠান: জাজেস লাউঞ্জের ঘড়িতে তখন ১১টা ১০ মিনিট। শপথ পাঠ শুরু হয়। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পর্যায়ক্রমে চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম শপথ গ্রহণ শেষে জানান, দুপুর ১২টা থেকে হাইকোর্ট বসবে। এ সময় উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। লাউঞ্জের বাইরে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুনসহ সরকার-সমর্থক আইনজীবীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, জাজেস লাউঞ্জের পাশে বিক্ষোভকারী আইনজীবীরা অবস্থান নেওয়ায় সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শপথের আগে সেখান থেকে সরকারবিরোধী আইনজীবীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তাঁরা মিছিল নিয়ে সমিতি ভবনে যান। দুপুরে সমিতির দক্ষিণ হলে প্রতিবাদ সভা করে সমিতি।প্রধান বিচারপতির বক্তব্য: শপথ শেষে পৌনে ১২টার দিকে খাসকামরায় যাওয়ার পথে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বলেন, ‘দায়িত্ব গ্রহণ করার পর এক মাস ধরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীসহ সহকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। তাঁরা বলেছেন, সংবিধান রক্ষা করা প্রধান বিচারপতি হিসেবে আপনার দায়িত্ব। এও বলেছেন, আপনি যদি দুই বিচারপতিকে শপথ পড়ান, তাহলে আপনার ব্যক্তিগত জনপ্রিয়তা কমবে।’ প্রধান বিচারপতি বলেন, ‘আমি শপথ নিয়েছি আইন ও সংবিধান রক্ষা করার জন্য। একদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্যদিকে আমার জনপ্রিয়তা। আমি কোনটা মানব? সংবিধান অনুসারে আমি শপথ নিয়েছি। সার্বিক বিষয় বিবেচনা করে সংবিধান রক্ষায় শপথ পড়ানো হয়। প্রধান বিচারপতির অনুমোদনে রাষ্ট্রপতি গেজেটের মাধ্যমে ওই দুই বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন। গেজেট হয়ে যাওয়ার পর আমি যদি তাঁদের শপথ না পড়াই, তাহলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্যায় কারণে ভবিষ্যতে কোনো প্রধান বিচারপতি যাতে এ দৃষ্টান্ত অনুসরণ করতে না পারেন, সে জন্যই তাঁদের শপথ পাঠ করিয়েছি।’ দুই বিচারপতির শপথ পড়ানো নিয়ে সরকারবিরোধী আইনজীবীদের বিক্ষোভ অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি সবাইকে আইন ও সংবিধান মেনে চলার আহ্বান জানান।শুভেচ্ছা ও সংবর্ধনা: দুপুর সাড়ে ১২টা থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ অন্যান্য আইন কর্মকর্তা ও আইনজীবী সমিতির সরকার-সমর্থক সদস্যরা পর্যায়ক্রমে চারটি বেঞ্চে যান। তাঁরা নতুন চার বিচারপতিকে শুভেচ্ছা জানান ও সংবর্ধনা দেন।সমিতির প্রতিবাদ: দুই বিচারপতিকে শপথ পড়ানোর প্রতিবাদে সমিতির ব্যানারে বেলা একটার দিকে আইনজীবীরা দক্ষিণ হলে প্রতিবাদ সভা করেন। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন প্রমুখ। সভা চলাকালে ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আইনজীবী-জনতা গড়ে তোল একতা’ ইত্যাদি স্লোগান দেন তাঁরা।সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, হত্যা ও সন্ত্রাসে অভিযুক্ত বিতর্কিত দুই বিচারপতি রুহুল কুদ্দুস ও খসরুজ্জামানকে শপথ দিলে হাইকোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম তাঁদের শপথ দেননি। দীর্ঘ সময় পর বর্তমান নবনিযুক্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আজ তাঁদের শপথ দেওয়ায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, বিচারপ্রার্থী জনগণ হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার হাত থেকে যেন রক্ষা পায় এবং পুলিশি নির্যাতনের শিকার না হয়, সে জন্য আগের মতো আগাম জামিনের বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় সমিতি প্রধান বিচারপতির প্রতি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। বর্তমানে জ্যেষ্ঠ বিচারকদের ফৌজদারি ও রিট বেঞ্চসহ যেভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাতে হাইকোর্টের বিচারব্যবস্থা ধ্বংসের মুখে। আইনজীবীদের পক্ষে আইন পেশা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। এ সভা এ কারণে অবিলম্বে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করছে। বিতর্কিত দুই বিচারপতিকে যে বেঞ্চ দেওয়া হবে, সে বেঞ্চ বর্জন করে বাইরে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পরে এ ব্যাপারে আরও কর্মসূচি ও কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় সমিতি।মিছিল ও কালো পতাকা: প্রতিবাদ সভার পর সমিতির সভাপতির নেতৃত্বে বিএনপি-সমর্থক আইনজীবীরা দুপুর পৌনে দুইটার দিকে সমিতির পতাকা খুলে কালো পতাকা উত্তোলন করেন। পরে সোয়া দুইটার দিকে বিএনপির আইনজীবীরা স্লোগানসহ মিছিল নিয়ে হাইকোর্ট ভবনের নিচতলা প্রদক্ষিণ করে এনেক্স ভবনে অবস্থিত সংশ্লিষ্ট দুটি বেঞ্চে যান। তবে সাড়ে তিনটার দিকে পতাকা স্ট্যান্ডে আর কালো পতাকা দেখা যায়নি।অ্যাটর্নি জেনারেলের বক্তব্য: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোয়া দুইটার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি কেউই আইনের ঊর্ধ্বে নন। দুই বিচারপতিকে শপথ না দিয়ে সাবেক প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছিলেন। বর্তমান প্রধান বিচারপতি তাঁদের শপথ পড়িয়ে সংবিধান সমুন্নত রেখেছেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য হট্টগোল করা হয়েছে। প্রধান বিচারপতির দরজার সামনে একটি বিশেষ দলের লোকেরা হট্টগোল করেছে।বেঞ্চ দুটির সামনে অবস্থান: বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি-সমর্থক আইনজীবীরা হাইকোর্টের এনেক্স ভবনের ৫ ও ১৩ নম্বর কক্ষের সামনে অবস্থান নেন। ৫ নম্বর কক্ষে বিচারকাজ পরিচালনা করেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আর ১৩ নম্বর কক্ষে বিচারকাজ পরিচালনা করেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে ৫ নম্বর কক্ষের সামনে বসে পড়েন আইনজীবীরা।