চার বিচারপতির শপথ
আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তাঁদের শপথবাক্য পাঠ করান। তাঁরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। এর আগে ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ এই চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে চার বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতিরা সংবিধান সংরক্ষণ ও এর মর্যাদা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পর হাইকোর্ট বিভাগের পাঁচ বিচারপতি ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন। তাঁরা হলেন বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি এম এ হাই, বিচারপতি ফারুক আহমেদ, বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।শপথ অনুষ্ঠান: গতকাল সকাল সাড়ে ১০টা থেকে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পর্যায়ক্রমে আপিল বিভাগের চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগের বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম।আপিল বিভাগে প্রথম: শপথ নেওয়ার পর বিচারপতি নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অনুভূতি অনেক ভালো। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। প্রথম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলাম। হাইকোর্টেও প্রথম বিচারপতি হিসেবে এসেছিলাম। এবারও আপিল বিভাগে প্রথম বিচারপতি হিসেবে এলাম।’ তিনি মনে করেন, তাঁর এই নিয়োগ দেশে নারীর ক্ষমতায়নে অবদান রাখবে।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুসারে বিচারপতি নাজমুন আরা সুলতানা ১৯৭২ সালের জুলাই মাসে ময়মনসিংহ জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর তিনি মুনসেফ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।সংবর্ধনা অনুষ্ঠান: দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতির এজলাসকক্ষে নতুন চার বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান বিচারপতির উপস্থিতিতে চার বিচারপতিকে পর্যায়ক্রমে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সংবর্ধনা জানান। চার বিচারপতিকে অভিনন্দন জানিয়ে মাহবুবে আলম বলেন, ‘জ্যেষ্ঠতাই বিচারপতি নিয়োগের একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়। এখানে আরও অনেক কিছু দেখার প্রয়োজন রয়েছে।’ তিনি বলেন, ‘মেধা হলো বড় ব্যাপার। এর স্বীকৃতি দিতে হবে।’ প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আপিল বিভাগে নিয়োগে জ্যেষ্ঠতা রক্ষা করেছেন।’ নতুন বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই হাইকোর্টে দায়িত্ব পালনকালে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে আজ এ পদে আসীন হয়েছেন। আশা করি, এর ধারাবাহিকতা আপিল বিভাগেও বহাল রাখবেন।’সংবর্ধনার পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘অনেক সমস্যার মাঝেও শপথ থেকে বিচ্যুত হইনি। ভবিষ্যতেও হব না।’ বিদেশি আইনজীবীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে দেশের আইনজীবীদের ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তবে মায়ের ভাষা বাংলাকে অবজ্ঞা করা যাবে না।’বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলীও দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়ে বক্তব্য দেন।