চার বিদ্যুৎকেন্দ্রের দর প্রস্তাব অনুমোদিত
চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব বিদ্যুৎকেন্দ্রের একটি কয়লাভিত্তিক ও তিনটি ফার্নেস তেলভিত্তিক।সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি ৪৫ মাসের মধ্যে হবে। অন্য তিনটি হবে আগামী এক বছরের মধ্যে।’মন্ত্রী জানান, বৈঠকে ১১টি রেলইঞ্জিন ক্রয়, ৫৯ হাজার টন ইউরিয়া সার আমদানি এবং ৬০টি সেতু নির্মাণের দর প্রস্তাবও অনুমোদিত হয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, ৩০০ থেকে ৬৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হবে মুন্সিগঞ্জের মাওয়ায়।্রএর কাজ পেয়েছে লংকিং অরিয়ন জয়েন্ট ভেঞ্চার নামের প্রতিষ্ঠান। সরকার এ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে চার টাকা নয় পয়সা দরে। ফার্নেস তেলভিত্তিক ১০৮ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হবে কেরানীগঞ্জের বছিলায়। এর কাজ পেয়েছে সিএলসি পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এ প্রতিষ্ঠান থেকে সরকার প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনবে ছয় টাকা ৯২ পয়সা দরে। এ ছাড়া ৫২ দশমিক ৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র হবে কুমিল্লার হোমনায়। এটি স্থাপনের কাজ পেয়েছে ইউনিয়ন কনসালট্যান্ট অ্যান্ড এনার্জি রিসোর্সেস লিমিটেড জয়েন্ট ভেঞ্চার। এখান থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কেনা হবে ছয় টাকা ৯৬ পয়সা দরে।যুগ্ম সচিব জানান, মুন্সিগঞ্জের কাঠপট্টিতে ফার্নেস তেলভিত্তিক অপর বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করবে পিপলস এনার্জি অ্যান্ড ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড জয়েন্ট কনসোর্টিয়াম। সরকার এ প্রতিষ্ঠান থেকেও প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ছয় টাকা ৯৬ পয়সা দরে কিনবে। তিনি জানান, বৈঠকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে জাপান থেকে ১১টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিন কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজ পেয়েছে জাপানি কোম্পানি মারুবেনি করপোরেশন।নুরুল করিম আরও জানান, ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট থেকে বঙ্গবন্ধু সেতুর উজান পর্যন্ত ১৪ কিলোমিটার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ৪৬২ কোটি ৫৯ লাখ টাকা। এ কাজ পেয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এ ছাড়া ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় উত্তরাঞ্চলে ৭৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৬০টি সেতু নির্মাণ করা হবে।নুরুল করিম জানান, বৈঠকে ২০১১-১২ অর্থবছরের জন্য সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের ইউরিয়া সার কেনার বিষয়ে চারটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৪৯৮ দশমিক ২৫ মার্কিন ডলার দরে ২৫ হাজার মেট্রিক টন ও ৫০০ দশমিক ৬৩ ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০৮ দশমিক ৫০ ডলার দরে ১৪ হাজার টন এবং কাতার থেকে ৫২৬ ডলার দরে ১৫ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।