চার ব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিংয়ের অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামলাটি করেন।ওই চার ব্যক্তি হলেন: মেসার্স শিমুল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, একই প্রতিষ্ঠানের অংশীদার ফকির আবদুল হান্নান, কাস্টম জে টি সরকার ও হাবিবুর রহমান। এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাঁরা একে-অপরের সহযোগিতায় জাল-জালিয়াতির মাধ্যমে সাভারের একটি প্রতিষ্ঠান মেসার্স গোল্ড টেক্সট লিমিটেডের নামে এইচএসবিসি ব্যাংকে ভুয়া এলসি তৈরি করে। পরে এই এলসির মাধ্যমে তাঁরা ৬৭ হাজার ৪৩৫ দশমিক ৯৪ মার্কিন ডলার সমমূল্যের ১৯ হাজার ৮০০ কেজি সুতা আমদানির ঘোষণা দেন। কিন্তু এর মাধ্যমে তাঁরা সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে পুরোনো ও ব্যবহূত একটি বিএমডব্লিউ গাড়ি, একটি অডি গাড়ি, টেলিভিশন, আমদানিনিষিদ্ধ পুরোনো ফটোকপি মেশিন ইত্যাদি দিয়ে ভর্তি এক কনটেইনার মালামাল বাংলাদেশে আনেন। এই মালামালের মূল্য বাবদ এক কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ১৬৭ টাকা বিধিবহির্ভূতভাবে তাঁরা সিঙ্গাপুরে পরিশোধের নামে পাচার করেন। এই অভিযোগে মানি লন্ডারিং আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।২০১১ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, একই বছরের ১৭ ডিসেম্বর বন্দরের স্ক্যানিং মেশিনে দায়িত্বরত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম কনটেইনারের ভেতরে গাড়ির ছবি দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এ ব্যাপারে মেসার্স শিমুল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামকে চিঠি দিয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হলেও তিনি সেখানে যাননি।