চার ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় ২০ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
চার ব্লগারকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ২০ জন বিশিষ্ট নাগরিক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা এ উদ্বেগের কথা জানান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং এই তরুণদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে।বিবৃতিতে বিশিষ্টজনেরা বলেন, ‘সম্প্রতি ধর্মানুভূতিতে আঘাত করে সামাজিক আলাপচারিতার তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার অভিযোগে চারজন তরুণকে গ্রেপ্তার করার ঘটনায় আমরা মর্মাহত। এই তরুণেরা শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রচারে যুক্ত ছিল। আমরা ইসলাম কিংবা অন্য কোনো ধর্ম, মুক্তিযুদ্ধ ও ব্যক্তিবিশেষ সম্পর্কে যেকোনো ধরনের কটূক্তির বিরোধী। সরকারের কাছে আবেদন জানাই, সর্বজনের ধর্মানুভূতি রক্ষা করুন, তবে মুক্তচিন্তার পথ রুদ্ধ করবেন না। এর ফলে দেশে-বিদেশে ভুল বার্তা পৌঁছাবে।’বিবৃতিতে বলা হয়, প্রায় দুই মাস ধরে শাহবাগে তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অপরিসীম কষ্ট স্বীকার করেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ধন্যবাদ তাঁদের প্রাপ্য। তাঁদের বিরুদ্ধে প্রতিপক্ষ ধর্মদ্রোহের অভিযোগ তুলে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে ঠিক এমনিভাবেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ধর্মবিরোধিতার অভিযোগ তোলা হয়েছিল। বিশিষ্টজনেরা বলেন, ‘গণজাগরণ মঞ্চ থেকে বারবার সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, ধর্মের বিরুদ্ধে তারা কেউ কোনো কথা উচ্চারণ করেনি। তার পরও তাদের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন আমাদের ব্যথিত করেছে। বিশেষ করে যখন দেখতে পাচ্ছি, মুদ্রণমাধ্যম ও ব্লগে ধর্মকে অপব্যবহার করে অনেক মিথ্যাচার করা হচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন সরকারের এ একপেশে আচরণে আমরা বিস্মিত।’ বিবৃতিদাতারা হলেন অধ্যাপক সালাউদ্দিন আহমেদ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, আকবর আলি খান, অজয় রায়, কাইয়ুম চৌধুরী, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী, সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, খুশী কবির, তারেক আলী, জাফর ইকবাল, এম এম আকাশ, ইয়াসমিন হক, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, সুপ্রিয় চক্রবর্তী ও রোবায়েত ফেরদৌস। প্রসঙ্গত, ব্লগে লেখার মাধ্যমে ধর্মের অবমাননার অভিযোগে গত সোম ও বুধবার চারজন ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।