চার ব্লগারের জামিন বিষয়ে আদেশ বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আসিফ মহিউদ্দিনসহ চারজনের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) ৪৮ ঘণ্টার (দুই দিন) মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এই চার ব্লগারের জামিন আবেদনের শুনানির পর মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।ডিবি পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম ও সাজ্জাদ হোসেনকে এই নির্দেশ দেন আদালত। আদালত সূত্র জানায়, আগামী ৪৮ ঘণ্টা পর অর্থাত্ আগামী বুধবার প্রতিবেদন দাখিলের পর আদালত এই চারজনের জামিনের বিষয়ে আদেশ দেবেন।আজ শুনানিকালে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর আসিফসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে যে তথ্য পাওয়া গেছে, তাতে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করা যেতে পারে।আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তার ওই বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘একটি গোষ্ঠীকে সন্তুষ্ট করতে তিনি মনগড়া তথ্য দিচ্ছেন। ব্লগারদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাই তাঁরা জামিন পেতে পারেন।’১০ এপ্রিল আসিফ মহিউদ্দিনকে দুই দফায় চার দিন এবং সুব্রত অধিকারী ওরফে শুভ, মশিউর রহমান ওরফে বিপ্লব ও রাসেল পারভেজকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত আজ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে অধিকতর শুনানির দিন ধার্য করেছিলেন। একই সঙ্গে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।আজ সকালে আসিফের জামিন আবেদনের শুনানি হয়। এরপর বিকেলে সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেলের জামিনের বিষয়ে শুনানি গ্রহণ করেন হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া। শুনানি শেষে আদালত ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারের পর সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে সাত দিনের রিমান্ডে নেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন। আসিফকে গ্রেপ্তার করা হয় ৩ এপ্রিল। পরদিন তাঁকেও চার দিনের রিমান্ডে নেন ডিবি পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে ব্লগার অ্যান্ড অনলাইন নেটওয়ার্ক অ্যাকটিভিস্ট ফোরামের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়। পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর মাঠে নামে হেফাজতে ইসলাম, যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ এনে তাঁদের শাস্তি দাবি করে।২০১১ সালের ১ অক্টোবর আসিফকে ১৮ ঘণ্টা আটকে রেখেছিল গোয়েন্দা পুলিশ। পরে ‘লেখালেখি বন্ধ করার পরামর্শ দিয়ে’ মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়। বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি।