ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চার ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা দুটি মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।গতকাল ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৭ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।একই আদালত গতকাল একটি মামলায় ব্লগার মশিউর রহমান ওরফে বিপ্লবের জামিন আবেদন মঞ্জুর করেন। একই মামলার অপর দুই ব্লগার সুব্রত অধিকারী (শুভ) ও রাসেল পারভেজ গত ১২ মে জামিন পান। অপর মামলার একমাত্র আসামি ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন আবেদন গতকাল নাকচ করেছেন আদালত। গতকাল শুনানিতে ব্লগারদের পক্ষে তাঁদের আইনজীবীরা বলেন, ব্লগাররা ইসলাম ধর্ম বা মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর কিছু লেখেননি। তাঁরা জামিন পেলে পালিয়ে যাবেন না।ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাজধানীর বিভিন্ন স্থান থেকে মশিউর রহমান, সুব্রত অধিকারী ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফ মহিউদ্দিনকে। এরপর গত ১৭ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনে প্রথম তিনজনের বিরুদ্ধে একটি ও আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি দেওয়ার অভিযোগ আনা হয় এই চারজনের বিরুদ্ধে।এই চারজনের মধ্যে সুব্রত অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র। মশিউর ও রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আসিফ মহিউদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ব্লগে লেখালেখির জন্য গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় আসিফের ওপর হামলা হয়। তখন গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের আহ্বানে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়। সেখানে টানা দুই মাস কার্যক্রম চলে। এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। এই আন্দোলন শুরুর কিছুদিন পর কয়েজন ব্লগারের লেখায় ধর্মের অবমাননা করা হয়েছে বলে দুটি পত্রিকায় খবর বের হয়। এরপর গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ তুলে মাঠে নামে হেফাজতে ইসলাম।