চার ব্লগারের বিরুদ্ধে নতুন মামলা, জামিন আবেদন নাকচ
চার ব্লগারের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে।গতকাল বুধবার ডিবি পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে। চারজনের বিরুদ্ধে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় নিয়মিত মামলা করেছে। আসামিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এই আদেশ দেন।এদিকে, বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারীসহ গ্রেপ্তার হওয়া ব্লগারদের মুক্তির দাবিতে ২৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন এ নিয়ে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে ডাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটসহ কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।আদালতে চার ব্লগার: গতকাল আদালতে দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামি মশিউর রহমান, সুব্রত অধিকারী ও রাসেল পারভেজ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করেন। ডিবি পুলিশের পরিদর্শক সাজ্জাত হোসেন এই তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন (প্রসিকিউশন) দাখিল করেন। পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন দেন। সেখানেও একই অভিযোগ করে আরও বলা হয়, আসিফ মহিউদ্দিন প্রধানমন্ত্রীর বিষয়ে ব্লগে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন।আরও কর্মসূচি: গতকাল ডাকসু ভবনের সংবাদ সম্মেলনে দেওয়া ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ১৮ এপ্রিল বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা উত্তোলন, ২৪ এপ্রিল বেলা ১১টায় ধর্মঘটের সমর্থনে একই স্থানে বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যা সাতটায় মশাল মিছিল।ব্লগারদের মুক্তির দাবিতে আন্দোলনরত ব্যক্তিরা এর আগে ৮ এপ্রিল ধর্মঘটের ডাক দিয়েছিলেন। পরে ওই দিন হেফাজতে ইসলাম হরতাল ডাকায় তা স্থগিত করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষার্থী জয়নাব শান্তু বলেন, ‘গতকাল তিন অনলাইন লেখককে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭(২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নির্দোষকে দোষী সাব্যস্ত করার এই প্রক্রিয়া কোনোমতেই মেনে নেওয়া যায় না। সরকার দেশকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছে।’সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘১৩ এপ্রিল ব্লগারদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করা হয়। সেখানে উপাচার্য ও প্রক্টর আমাদের আশ্বস্ত করেন যে ১৫ এপ্রিলের মধ্যে তাঁদের মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিবাদ না জানানোর সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রফিক উল্লাহ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কাবেরী গায়েন প্রমুখ।উল্লেখ্য, ইন্টারনেটে আপত্তিকর বিষয়ে মন্তব্যকারীদের শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি ১০ জন ব্লগারকে চিহ্নিত করলে তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তালিকায় নাম না থাকলেও রাসেল পারভেজকেও অজানা কারণে আটক করে পুলিশ। চারজনই এখন ঢাকা সেন্ট্রাল জেলে আছেন।