চার ব্লগারের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল
গ্রেপ্তার হওয়া চার ব্লগারের বিরুদ্ধে আজ বুধবার তথ্যপ্রযুক্তি আইনে প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ব্লগার আসিফ মহিউদ্দীনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাইনুল ইসলাম এবং অপর তিন ব্লগারের বিরুদ্ধে ডিবি পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় প্রতিবেদন দাখিল করেন। এই তিনজন হলেন সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজ। মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে আজ প্রতিবেদন দুটি দাখিল করা হয়। প্রতিবেদন বলা হয়, চার আসামির বিরুদ্ধে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করো হলো। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের জিডি থেকে তাঁদের অব্যাহতি দিয়ে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বিভিন্ন ব্লগে ইসলাম অবমাননার অভিযোগে সম্প্রতি চার ব্লগারকে গ্রেপ্তার করে পুলিশ।