চার ব্লগারের মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ব্লগারের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কারাগারের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও ব্লগাররা। আজ সোমবার বেলা তিনটার দিকে ‘ব্লগারদের মুক্তি দাও, নইলে মোদের জেলে নাও’—এই ব্যানার নিয়ে তাঁরা কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান নেন। তবে কারাগার গুরুত্বপূর্ণ এলাকা বলে কারা কর্তৃপক্ষ সেখানে তাঁদের বেশিক্ষণ অবস্থান করতে দেয়নি। একপর্যায়ে কারা পুলিশ গিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপর ব্লগাররা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর, ব্লগার সুফি ইবনে ফারুক, ব্লগার ও সংবাদকর্মী আসিফ এন্তাজ, সংবাদকর্মী উদিসা ইসলাম, মাহমুদুল হাসান, ব্লগার বিনয় ভদ্র, সংবাদকর্মী নূরে আলমসহ ৩০ থেকে ৩৫ জন সেখানে অবস্থান নেন। গ্রেপ্তার হওয়া চার ব্লগার হলেন আসিফ মহীউদ্দীন, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ।