পুরান ঢাকায় ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুন<br />৬০ লাশ উদ্ধার, মৃতের সংখ্যা এক শর কাছাকাছি হওয়ার আশঙ্কা
চার ভবন মৃত্যুকূপ, সারি সারি লাশ
রাজধানীর পুরান ঢাকার নবাবকাটরার নিমতলীতে গতকাল বৃহস্পতিবার রাতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এই আগুনে পুড়ে ৬০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এই সংখ্যা বেড়ে ১০০-র কাছাকাছি হতে পারে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন।রাত দেড়টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক হাসপাতালে প্রথম আলোকে জানান, মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে। রাত দুইটায় ঘটনাস্থলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, তাঁরা ৭৫ জনের মৃত্যুর খবর পেয়েছেন।মৃতদের মধ্যে দেড় বছরের শিশু থেকে বৃদ্ধও রয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন দুই শতাধিক মানুষ। এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন দেড় শতাধিক।স্থানীয় লোকজন জানান, গতকাল রাত নয়টায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে চারটি ভবনে। সরু গলি ও পাশাপাশি ভবনের কারণে লোকজনের বের হওয়ার কোনো উপায় ছিল না। আগুন, অন্ধকার আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ভবনগুলো মৃত্যুকূপে পরিণত হয়। নারী-শিশুসহ অনেকেই বাড়িতে দগ্ধ হয়ে প্রাণ হারান।এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন মিলে একের পর এক লাশ বের করে নিয়ে আসতে থাকেন। রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত সারি সারি লাশ রাখা হয় রাস্তায়। অগ্নিদগ্ধদের দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুড়ে কয়লা হয়ে যাওয়া চেহারাগুলো দেখে বোঝার উপায় নেই মানুষগুলো কিছুক্ষণ আগেও বেঁচে ছিলেন। লোকজন ভিড় করে নানাভাবে চেষ্টা করছিলেন মৃতদেহগুলো থেকে তাঁদের স্বজনদের খুঁজে বের করতে। অনেকের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাঁরা চিনতে পারছিলেন না।প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানান, রাত নয়টার দিকে নিমতলীতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই ট্রান্সফরমারের নিচেই ছিল ভাঙারি ও পুরোনো বইপুস্তকের দোকান। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চারদিকে হাজার হাজার মানুষ জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। দমকল বাহিনীর ১২টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নেভায়।হাজি ইউনুছ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণস্থলের পাশেই ছিল ছোট ছোট ঘর ও একটি রাসায়নিক দ্রব্যের গুদাম। প্রথমে আগুন লাগে একটি পাঁচতলা ভবনে। এর নিচতলায় অবস্থিত এ গুদামটিও আগুন ধরলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারটি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মামুন প্রথম আলোকে জানান, ঘটনার আগে তিনি ওই গুদামের ভেতরেই ছিলেন। রাত নয়টার দিকে গুদামের ভেতর হঠাৎ করে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর দপ করে আগুন জ্বলে ওঠে। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘জীবনে এমন আগুন, এত লাশ আমি দেখিনি।’এক পরিবারের ১০ জনের মৃত্যু: রাত সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ির মধ্যেই ছুটে বেড়াচ্ছিলেন তিন ভাই গুলজার, ফারুক ও দিদার। এক নারীর লাশ দেখে দিদারের চিৎকার, ‘ভাই মা না! গুলজারের উত্তর, মায়ের হাতে তো সবুজ চুড়ি থাকার কথা নয়।’ মুহূর্তেই তিন ভাইয়ের আবার ছুট। হঠাৎ করেই ফারুকের মনে হলো ছয় বছরের মেয়েটির কথা। চিৎকার শুরু করলেন, ‘অঙ্কিতা কই? আমার মেয়ে অঙ্কিতা কই?’গুলজার জানান, আগুনে তাঁর স্ত্রী মিনু, দুই ছেলে ইশতিয়াক ও ইমতয়ািজ মারা গেছে। এ ছাড়া তাঁর ভাই দিদারের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আরেক ভাই ফারুকের দুই মেয়ে ও তাঁদের মা মারা গেছে। ইমতিয়াজ রাইফেলস পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। ইশতিয়াক উদয়ন স্কুল থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। পাঁচতলা এই বাড়ি থেকে আরও ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক গুলজারের ধারণা, এই বাড়ির কেউই আর বেঁচে নেই। গুলজার প্রথম আলোকে জানান, দোতলার ভাড়াটেদের পানচিনির অনুষ্ঠান ছিল। সেখানে অনেক অতিথি ছিলেন। কিন্তু লাশগুলো চেনা যাচ্ছে না।এই বাড়ির দুই পাশে কোনো জানালা ছিল না। ফলে ধোঁয়া বের হওয়ারও কোনো উপায় ছিল না। এই ভবনের সিঁড়িতে একটি ফাঁকা ছিল। সেখানেই পড়ে ছিল ১০টি লাশ।এ ছাড়া নিমতলী এলাকার নবাবকাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টি লাশ নেওয়া হয়। এখানে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সালাউদ্দিন।