সংসদ নির্বাচনের পূর্ববর্তী ৯০ দিন সময়ের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।কমিশন সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ায় নির্বাচন ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত রাখতে ইসি সরকারের কাছে এ ধরনের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪(ই) ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হবে। প্রস্তাব অনুযায়ী, নির্বাচনের পূর্ববর্তী ৯০ দিন থেকে পরের নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব ইসির অধীনে থাকবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে আইন মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হবে।প্রধান নির্বাচন কমিশনার ও দুই কমিশনার মনে করেন, তাঁদের প্রস্তাব অনুযায়ী আরপিও সংশোধন করা হলে ইসি দলীয় প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবে।আরপিওর ৪৪(ই) ধারায় বলা আছে, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তাঁদের অধীন কর্মকর্তাদের ইসির সঙ্গে আলোচনা না করে বদলি করা যাবে না।সংশোধিত সংবিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অধীনে সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরের ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বিধান প্রযোজ্য হবে না। এ বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনের সময় যে পদ্ধতির সরকারই ক্ষমতায় থাকুক না কেন, চারটি মন্ত্রণালয় ইসির পরামর্শে কাজ করলে দলীয় প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব।সাখাওয়াত হোসেন জানান, গত সংসদ নির্বাচনে ইসি প্রার্থীর নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রার্থীরা প্রচারের সময় যে টাকা ব্যয় করেন, তা নিয়ন্ত্রণ করতে পারলে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হতে পারবেন। এ জন্য আরপিওর ৪৪(বি) ধারায় নতুন উপধারা যোগ করার প্রস্তাব করা হবে। এ অনুযায়ী প্রতিটি সংসদীয় আসনে ইসির নিজস্ব এক বা একাধিক পর্যবেক্ষক দল থাকবে। তারা প্রতিদিন প্রার্থীদের নির্বাচনী খরচের ওপর নজর রাখবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী খরচের সীমা লঙ্ঘনের অভিযোগ পেলে তা-ও খতিয়ে দেখবে। অন্য আরেকটি উপধারায় প্রার্থীদের ব্যয়ের প্রতিদিনের হিসাব প্রতি সাত দিন পর জমা দেওয়ার বিধান রাখা হচ্ছে। কোনো প্রার্থী এ বিধান লঙ্ঘন করলে পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করতে পারবেন।সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান আইনে প্রার্থীদের ব্যয় নিয়ন্ত্রণের সুস্পষ্ট কোনো বিধান নেই। চলমান সংলাপে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছে।নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচন: সাখাওয়াত হোসেন বলেন, সীমানা গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।সংলাপ পেছানোর অনুরোধ: আওয়ামী লীগ আবারও সংলাপের সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে। গতকাল দলের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে এ-সংক্রান্ত চিঠি দেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গতকাল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল।চিঠি দেওয়ার পর আবদুল মান্নান সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠক গতকাল হওয়ায় সংলাপসূচি পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।