চার মানদণ্ড বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করার সিদ্ধান্ত
সরকার চারটি মানদণ্ড বিবেচনা করে অপেক্ষমাণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভাতার সরকারি অংশ (মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা চূড়ান্ত করতে গত বছর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে প্রধান করে যে কমিটি হয়েছিল, তাঁর সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন নীতিমালায় এমপিওভুক্তির মানদণ্ড ঠিক করতে মোট ১০০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এতে একাডেমিক স্বীকৃতির জন্য ২৫, শিক্ষার্থীসংখ্যার জন্য ২৫, পরীক্ষার্থীর সংখ্যার জন্য ২৫ এবং পরীক্ষায় উত্তীর্ণের হারের জন্য ২৫ নম্বর রাখা হয়েছে। এর মধ্যে স্বীকৃতির তারিখের ক্ষেত্রে প্রতি দুই বছরের জন্য ৫, ১০ বা তদূর্ধ্ব হলে ২৫ নম্বর পাওয়া যাবে। শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে কাম্য সংখ্যার জন্য ১৫, কাম্য সংখ্যার পরবর্তী প্রতি ১০ শতাংশ বৃদ্ধির জন্য ৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে কাম্য সংখ্যার জন্য ১৫ এবং পরবর্তী প্রতি ১০ জনে ৫ নম্বর পাওয়া যাবে। আর ফলাফলের হারের ক্ষেত্রে কাম্য হার অর্জনের জন্য ১৫ এবং পরবর্তী ১০ শতাংশের জন্য ৫ নম্বর পাওয়া যাবে। এরপর প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে।এমপিও-সংক্রান্ত নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানকে প্রথম বছর সতর্কতামূলক চিঠি, ধারাবাহিকভাবে শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছর ২৫ শতাংশ এমপিও কর্তন, তৃতীয় বছরে ৫০ শতাংশ এমপিও কর্তনের বিধান করা হয়েছে। শর্তপূরণে ব্যর্থ প্রতিষ্ঠানের এমপিও চতুর্থ বছর থেকে বাতিল করা হবে।এই মুহূর্তে এমপিওভুক্তির অপেক্ষায় আছে মোট নয় হাজার ১৩১টি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।