চার মামলার পুনর্বিচারের আবেদন খারিজ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২।আজ বৃহস্পতিবার প্রথম তিনজনের আবেদন খারিজ করে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। কামারুজ্জামানের আবেদন খারিজ করেন ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনাল-১ সাঈদীর বিরুদ্ধে মামলায় দুই পক্ষকে নতুন করে যুক্তি উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত আদেশে বলা হয়, যেহেতু এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে, এ জন্য রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করবে। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৩ ও ১৪ জানুয়ারি এবং আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৫ থেকে ১৭ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে। এরপর রাষ্ট্রপক্ষ আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের জন্য মাত্র এক ঘণ্টা সময় পাবে। গত বছরের ৬ ডিসেম্বর সাঈদীর মামলার কার্যক্রম শেষ হয়। মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।গত বছরের ২০ ও ২৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তিনটি মামলা পুনর্বিচারের আবেদন জানায় আসামিপক্ষ। ২৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি শুরু হয়।ছয় দিন শুনানির পর মঙ্গলবার শুনানি শেষ হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের বিষয়ে আদেশের জন্য ৩ জানুয়ারি তারিখ ধার্য করেন।