চার মামলায় শাহ আলমের জামিন
চুরি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার অভিযোগে দায়ের করা আরও চারটি মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম।গতকাল রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন শাহ আলম। তিন হাকিমের আদালতে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে ১৯ আগস্ট ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের নামে খাসজমি দখলের মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।গতকাল সকাল সাড়ে ১০টায় শাহ আলমের আইনজীবী ফজলে নূর তাপস, সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ তাঁকে নিয়ে তিন হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন।২০০৭ সালে বাড্ডা থানায় বিভিন্ন সময় জমি দখল, ইট-বালু, সীমানা পিলার চুরি, ভয়ভীতি প্রদর্শন ও প্লট বুঝিয়ে না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মামলাগুলো করা হয়।২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা এলাকার বাসিন্দা হাজেরা পারভীন বাড্ডা থানায় এ মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ক্রয়সূত্রে মালিক হাজেরা পারভীনের সাড়ে ১৭ শতাংশ জমি থেকে শাহ আলমের লোকজন ৪২টি সীমানা পিলার চুরি করে নিয়ে যায়। এতে হাজেরার তিন লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। কিন্তু শাহ আলম পলাতক থাকায় এ মামলায় ২০০৯ সালের ১৮ মার্চ অভিযোগ গঠন করা হয়। এর আগে ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ২৬ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।ফজলে নূর জামিন আবেদন করে আদালতকে বলেন, তাঁর মক্কেল বিদেশে থাকাকালে এ মামলা হয়েছে। আর বসুন্ধরার মালিকের বিরুদ্ধে মাটি ও বালু চুরির অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। আসামিপক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত থাকলেও জামিনের বিরোধিতা করেননি। এ প্রসঙ্গে সরকারি কৌঁসুলি আবদুল আওয়াল সাংবাদিকদের বলেন, আসামির জামিনের বিষয়টি হাইকোর্ট বিবেচনা করতে বলেছেন। তাই জামিনের বিরোধিতা করা হয়নি। মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবুও আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুটি মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন যথাক্রমে নুরুজ্জামান ও ফজলে রাব্বী।পরে বাড্ডা এলাকায় কাঁঠালদিয়া মৌজায় ৪৭ শতাংশ জমি দখল করে ক্ষতিসাধনের অভিযোগে দায়ের করা অন্য একটি মামলায় শাহ আলম মহানগর হাকিম দিলারা আলো চন্দনার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত মঞ্জুর করেন। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা এলাকার বাসিন্দা কমান্ডার কাজী সরোয়ার হোসেন এ মামলা করেন।শুনানিকালে মহানগর হাকিম আইনজীবীর কাছে জানতে চান, আসামি পলাতক ছিলেন কি না। জবাবে সৈয়দ রেজাউর রহমান বলেন, যখন মামলা হয়, তখন শাহ আলম বিদেশে ছিলেন। মামলার বিষয়ে তিনি জানতেন না। জানার পর তিনি জামিন চাইলে হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। পরে আইনজীবীরা শাহ আলমের পক্ষে ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করলে আদালত তা ধার্য তারিখে শুনানির আদেশ দেন। এ মামলায় আগামী ২৯ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালে কমান্ডার কাজী সারোয়ার হোসেন বাদী হয়ে ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি বাড্ডা থানায় মামলাটি করেন। ওই বছরের ২ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। ওই বছরের ২৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করে আদালত শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাড্ডা থানায় দায়ের করা আরও দুটি মামলায় মহানগর হাকিম রাশেদ কবীরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। জমি দখল ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গাজী ওবায়দুল কবীর ২০০৭ সালের ২৫ এপ্রিল শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ।অন্যদিকে এম এ মালেক নামের এক প্রবাসী ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের জোয়ার সাহারা মৌজায় আবাসিক প্রকল্পের ১০ কাঠা করে দুটি প্লট কেনার জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ৪০ লাখ টাকার মধ্যে ৩০ লাখ টাকা বসুন্ধরাকে বুঝিয়ে দেন। কিন্তু বসুন্ধরা প্লট বুঝিয়ে না দিয়ে টাকা আত্মসাৎ করে। এ অভিযোগে বাড্ডা থানায় একটি মামলা হয়।এ মামলায় ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দেওয়া হয়। দুটি মামলায় ওই বছরের ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলাগুলোতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।