চার মাসের মধ্যে পিলখানা বিদ্রোহের বিচার শেষ হবে: বিডিআর মহাপরিচালক
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমানে বিডিআর ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে পিলখানা বিদ্রোহের সঙ্গে জড়িতদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর থেকে সারা দেশে বিডিআর আবার নতুন উদ্যমে কাজ করবে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার খানপুর সীমান্তে একটি পর্যবেক্ষণ টাওয়ার (বর্ডার সেন্ট্রি পোস্ট বা বিএসপি) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।বিডিআরের মহাপরিচালক আরও বলেন, সীমান্তে বিডিআর দুটি কাজ করে। একটি হলো সীমান্ত সুরক্ষা এবং অপরটি চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধ করা। সীমান্তে প্রতি নয় কিলোমিটার দূরত্বে একটি করে বিডিআর চৌকি (বিওপি) থাকলেও একটির সঙ্গে অন্যটির সংযোগ সড়ক নেই। ফলে বিডিআর সদস্যদের সাইকেলে বা পায়ে হেঁটে দায়িত্ব পালন করতে হয়। এতে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা সহজেই বিডিআরের গতিবিধি বুঝতে পারে। কিন্তু পর্যবেক্ষণ টাওয়ার স্থাপনের ফলে একটি চৌকি (বিওপি) থেকে আরেকটির দূরত্ব কমে যাবে। চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধ করাও সহজ হবে।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অ্যানথ্রাক্স প্রতিরোধে ভারতীয় গরু সীমান্তের যে পথ দিয়ে আসে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দিনাজপুর বিডিআরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমাদ প্রথম আলোকে বলেন, সীমান্তে মোট ১৬টি পর্যবেক্ষণ টাওয়ার (বর্ডার সেন্ট্রি পোস্ট) নির্মাণ করা হয়েছে।