চার মেয়রের শপথসংক্রান্ত নথি প্রধানমন্ত্রীর দপ্তরে
চার সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের শপথের ব্যাপারে সব নথিপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আলোচনা করতে আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এ-সংক্রান্ত নথি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। এ কারণে প্রধানমন্ত্রীর কাছ থেকে সময়ও পাওয়া যায়নি। এ ব্যাপারে আজ ‘প্রথম আলো’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়রদের শপথসংক্রান্ত নথি সৈয়দ আশরাফুল ইসলামের কাছে আছে। নথিতে তিনি অনেক আগেই সই করেছেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। কিন্তু একবার স্থানীয় সরকার বিভাগে তা পাঠানোর পর ফেরত নেওয়া হয়।গত ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন। আর গেজেট প্রকাশ করা হয় গত ২৪ জুন। স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী ২৩ জুলাইয়ের মধ্যে তাঁদের শপথ নিতে হবে। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান প্রথম আলো ডটকমকে বলেন, আইন অনুযায়ী নবনির্বাচিত মেয়রদের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পাঠ করানো হবে। তবে একটি সূত্র বলছে, শপথের সম্ভাব্য তারিখ হতে পারে ২১ জুলাই রোববার। কেননা, ১৯ ও ২০ জুলাই শুক্র ও শনিবার। ২২ জুলাই মন্ত্রিসভার বৈঠক। সুতরাং শপথ অনুষ্ঠানের তারিখ রোববারই নির্ধারণ করা হতে পারে। তবে শপথ নিলেও ক্ষমতা পেতে নবনির্বাচিত মেয়রদের আরও প্রায় তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।