রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীর মধ্যে চারজনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী বর্তমানে কারাগারে থাকা রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে আছে ছয়টি মামলা। এর মধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পাঁচটি মামলাই চলতি বছর দায়ের করা হয়। অপর একটি মামলা ২০১২ সালে করা হয়। সব কটি মামলা তদন্তাধীন। মো. জাহাঙ্গীর রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। গত ৫ এপ্রিল তাঁকে ওই হাসপাতাল থেকে পুলিশ গ্রেপ্তার করে। জাহাঙ্গীরের আইনজীবী ও রাজশাহী মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি আবু মো. সেলিম দাবি করেন, তাঁর সব মামলাই রাজনৈতিক হয়রানিমূলক।মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রতারণার অভিযোগে একটি এবং চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে অপর একটি মামলা বিচারাধীন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।মেয়র পদপ্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকের বিরুদ্ধে দুটি মামলা মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন। মামলা দুটি বর্তমান সরকারের আমলে দায়ের করা। তিনিও মামলা দুটি রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেন। বিএনপির অপর প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধেও বর্তমান সরকারের আমলে দুটি মামলা করা হয়। যোগাযোগ করা হলে তিনিও মামলা দুটি রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেন। সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামানের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। তবে ১৯৯৬ সালে তাঁর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।